২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচেই কাজ শেষ করতে চায় আবাহনী, ব্রাদার্স চায় পুনরাবৃত্তি

ফিরতি সেমিফাইনালের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন ঢাকা আবাহনীর খেলোয়াড়রা। মনে করছেন একটিই সেমিফাইনাল এবং তাতে জিতেই ফাইনালে ওঠার পথ পরিস্কার করতে হবে। ব্রত এমন হলেও স্মৃতি তাদের বারবার ফিরিয়ে নিচ্ছে বি. লিগে জঘন্য খেলে ব্রাদার্সের কাছে পরাজয়ের ম্যাচে। যে ম্যাচ থেকে প্রেরণা খুঁজে ব্রাদার্স ইউনিয়ন সুপার কাপের প্রথম সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)----- ফিরতি সেমিফাইনালের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন ঢাকা আবাহনীর খেলোয়াড়রা। মনে করছেন একটিই সেমিফাইনাল এবং তাতে জিতেই ফাইনালে ওঠার পথ পরিস্কার করতে হবে। ব্রত এমন হলেও স্মৃতি তাদের বারবার ফিরিয়ে নিচ্ছে বি. লিগে জঘন্য খেলে ব্রাদার্সের কাছে পরাজয়ের ম্যাচে। যে ম্যাচ থেকে প্রেরণা খুঁজে ব্রাদার্স ইউনিয়ন সুপার কাপের প্রথম সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচ। তার ২৮ ঘন্টা আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল আবাহনী অধিনায়ক নজরুল ইসলামকে। তার কন্ঠেও সেই বিশ্বাসের অনুরনন, "আমরা প্রথম সেমিফাইনালকে টার্গেট করেছি। অন্যান্য টুর্নামেন্টের মতো একটি করে সেমিফাইনাল হলে ফাইনালে ওঠার জন্য তা জিততেই হতো। প্রথম সেমিফাইনালকে আমরা সেভাবেই নিয়েছি।" মানে প্রথমটা জিতলেই ফাইনালের পথে অনেকখানি সুগম হয়ে যায়। জিততে হলে আক্রমণাত্মক ফুটবলের কোনো বিকল্প নেই। যার সব ধরনের রসদ আকাশী-হলুদ শিবিরে আছে বলে মনে করছেন আবাহনী কোচ অমলেশ সেন, "সুপার কাপের তিনটি ম্যাচ দেখলে বোঝা যায় আমরা প্রতিদিনই একটু একটু করে উন্নতি করেছি। আমাদের খেলা যেমন ভাল হয়েছে তেমনি খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বেড়েছে।" বিশ্বাসের পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে বি. লিগ চ্যাম্পিয়নদের টানা ১২ ম্যাচ জয়! লিগের ফিরতি পর্বে প্রথম ম্যাচ ড্র করার পর তারা জিতেছে টানা ৯ ম্যাচ, তারপর সুপার কাপের গ্র"প পর্বের ৩ ম্যাচ। এ সাফল্যের পেছনের গল্পটা হচ্ছে দু'বছরের বেশি সময় ধরে একসঙ্গে খেলা এবং মাঠে পরস্পরকে ভালভাবে জানা। এরকম আত্মবিশ্বাস নিয়ে আবাহনী টানা ত্রয়োদশ জয়ের স্বপ্ন দেখছে। কিন্তু 'আনলাকি থার্টিন' উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। তাদের ম্যানেজার আমের খানের দাবি, "আবাহনীর মতো আমাদের দলেও তেমন পরিবর্তন হয়নি। দুই বছর ধরে খেলছে একই দল। এই দল নিয়েই আমারা বি. লিগের প্রথম লেগে ২-০ গোলে হারিয়েছি আবাহনীকে। আমরা আবারও চমক দিতে চাই।" এটাই বোধহয় তাদের চমক দেওয়ার মোক্ষম সময়। কারণ ঠিক আগের ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে তারা ছবির মতো ফুটবল খেলছে। না জিতলেও এই ম্যাচটিকে মৌসুমের সেরা পারফরম্যান্স বলে মানছেন ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল। তাদের অধিনায়ক অমিত খান শুভ্র অবশ্য অন্যভাবে বলেছেন, "মোহামেডানের সঙ্গে আমরা সামর্থ্যের ৭০ শতাংশ খেলেছি। আবাহনীর বিপক্ষে পুরোটা দিতে চাই।" তারা না হয় শতভাগ উজার করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশ্ন হচ্ছে, তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার শতভাগ দিলেও তা কী প্রতিপক্ষের স্ট্রাইকারের পঞ্চাশভাগের সমান হবে? ব্রাদার্স অধিনায়কও অবশ্য স্বীকার করেছেন নিজেদের ফরোয়ার্ড-লাইনের দুর্বলতার কথা, "লিগেও আমাদের বড় সমস্যা ছিল স্ট্রাইকার। জুনিয়র ও এডোয়ার্ডকে আনার চেষ্টা করেও শেষপর্যন্ত পারেনি ক্লাব।" অবশ্য মতিউর মুন্না-জাহিদ হোসেন-শাকিল-লিটনদের নিয়ে গড়া ব্রাদার্সের মাঝমাঠ অনেক শক্তিশালী। এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না অরূপ ও আশরাফুল। তুলনামূলক বিশ্লেষণে গেলে দেখা যাবে আবাহনী অনেক ভারসাম্যপূর্ণ দল। কোনো পজিশনে তেমন ঘাটতি নেই। বিশেষ করে ব্রাদার্সের যেখানে ঘাটতি সেই স্ট্রাইকিং জোনে অনেক অনেক এগিয়ে বি. লিগ চ্যাম্পিয়নরা। লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমেকা ক্রিশ্চিয়ান আরো ভয়ংকর হয়ে উঠেছেন সুপার কাপে। তিন ম্যাচে ৫ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে এই নাইজেরিয়ান। তারপরও আবাহনীর কোচ অমলেশ সেন ম্যাচের দিনে পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিচ্ছেন, "শক্তিশালী দল হলেও ম্যাচের দিনের পারফরম্যান্সের ওপর অনেকখানি নির্ভর করে। দেখা গেল, ভাল খেলোয়াড় অথচ ভাল খেলতে পারেনি। অন্যদিকে সাধারণ মানের খেলোয়াড় দুর্দান্ত খেলছে। যেমন বি. লিগে ব্রাদার্সের বিপক্ষে দু-দুটো বাজে গোল খেয়ে আমরা আর স্বাভাবিক খেলাটাই খেলতে পারলাম না। তাই ম্যাচের দিনে শারিরীক ও মানসিক অবস্থার ওপর অনেক কিছু নির্ভর করে।" এটাই হচ্ছে তাদের বি. লিগে ব্রাদার্সের কাছে হারের শিক্ষা। আবাহনীর প্রার্থনা ওরকম বাজে দিন যেন আর ফিরে না আসে। অথচ পুনরাবৃত্তি চাইছে ব্রাদার্স ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৮০৫ঘ.