২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত গোলে এফএ কাপের শেষ চারে আর্সেনাল

হাল সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। তবে মঙ্গলবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে 'গানার'দের জয়টা এসেছে বিতর্কিত এক গোলে। জয়সূচক গোল করার সময় উইলিয়াম গ্যালাস অফসাইডে থাকলেও গোলটা বাতিল করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

লন্ডন, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাল সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। তবে মঙ্গলবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে 'গানার'দের জয়টা এসেছে বিতর্কিত এক গোলে। জয়সূচক গোল করার সময় উইলিয়াম গ্যালাস অফসাইডে থাকলেও গোলটা বাতিল করা হয়নি। ৭৯ বছরের মধ্যে প্রথম বারের মতো এফএ কাপের শেষ চারে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামা হাল সিটি ১৩ মিনিটে এগিয়ে যায় নিকি বার্মবির গোলে। ৭৫ মিনিটে ডাচ ফরোয়ার্ড রবিন ফন পার্সি ম্যাচে ফিরিয়েছেন আর্সেনালকে। তার ৯ মিনিট পর গ্যালাসের হেড এগিয়ে দিয়েছে তাদের। কিন্তু সে সময় এই ফরাসী ডিফেন্ডারকে দেখে অফসাইডে ছিলেন বলে মনে হলেও রেফারি বা সহকারী রেফারিদের চোখ তা এড়িয়ে গেছে। এই বিতর্ক তো আছেই, তার সঙ্গে ম্যাচশেষে আর্সেনালের অধিনায়ক সেস্ক ফ্যাব্রেগাসের বিরুদ্ধে প্রতিপক্ষের সহকারী কোচকে থুতু দেয়ার অভিযোগও উঠেছে। ফ্যাব্রেগাস অবশ্য অস্বীকার করেছেন অভিযোগটা। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্টটার সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ চেলসি। অন্য সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে এভারটনের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.