ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুরন্ত গতি ও ফুটবল শৈলীর অপূর্ব প্রদর্শনীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তারপরও জিতেছে ঢাকা মোহামেডান, ম্যাচটা ড্র রেখে তারা সেমিফাইনালে শক্তিশালী ঢাকা আবাহনীকে এড়ানোর চেষ্টায় সফল হয়েছে। চমৎকার ফুটবল খেলেও ব্রাদার্স যেটা পারেনি। ৫ পয়েন্ট নিয়ে গ্র"প রানার্স-আপ হয়ে ১৯ মার্চ তাদের সেমিফাইনালে মুখোমুখি হতে হচ্ছে বি. লিগ চ্যাম্পিয়নদের সঙ্গেই। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম মোহামেডান। এরপর ২৩ ও ২৪ তারিখ হবে ফিরতি সেমিফাইনাল দুটো।
সেমিফাইনালের লড়াইয়ে ছিল ফরাশগঞ্জও। সোমবার প্রথম ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে চট্রগ্রাম আবাহনীকে হারিয়ে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, ৪ পয়েন্ট সংগ্রহ নিয়ে তারা নেমে গেছে এসেছে সুপার কাপের প্লেট পর্বে। ফরাশগঞ্জ বড় ব্যবধানে জিতলে হয়তো পরের ম্যাচে মোহামেডানের বিপক্ষে খানিকটা চাপ অনুভব করতো ব্রাদার্স ইউনিয়ন। ওই চাপ যখন নেই তখন আর ভয় কীসের! লক্ষ্য তখন একটাই, গ্র"প চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ঢাকা আবাহনীকে এড়ানো। আগেভাগে সেমিফাইনালে উঠা মোহামেডানের লক্ষ্য গ্র"পের শীর্ষস্থানটি ধরে রাখা। অর্থাৎ ওই একই সূত্র, আবাহনীকে এড়ানো। সুতরাং দুর্দান্ত এক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত দুই দলের জন্যই। ম্যাচেও নেমেছে তারা লড়াইয়ের মন্ত্র নিয়ে। দুরন্ত গতির এ ম্যাচে চোখের পলক ফেলারও ফুরসত ছিল না। মোহামেডানের আক্রমণ শেষ না হতেই আক্রমণে উঠেছে ব্রাদার্স। আছে লাল কার্ড এবং প্যাভিলিয়নে উত্তেজিত দর্শকদের চেয়ার ছুঁড়ে মারার ঘটনাও।
এত উত্তেজনার পরও কিন্তু এটাকে দুর্দান্ত এক উপভোগ্য ম্যাচ বলে মানছেন সবাই। এমনকি কারো কারো চোখে সুপার কাপের 'সুপার' ম্যাচের আখ্যা পেয়েছে মোহামেডান-ব্রাদার্স লড়াই। ম্যাচের প্রথম আক্রমণেই গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ব্রাদার্স। প্রথম মিনিটে বাঁদিক থেকে শাকিলের ক্রসে সুযোগ তৈরি হয়। যা পোস্টের সামনে দাঁড়িয়েও হেনরি অবিশ্বাস্যভাবে বাইরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু মোহামেডান এগিয়ে গেছে প্রথম সুযোগই। আরামান আজিজের ফ্রি কিকে বুকোলার হেড ক্রসবারে লেগে ফিরলে জন গুডউইন অসাধারণ সাইডভলিতে বল জালে পাঠিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সুপার কাপ উপলক্ষেই নাইজেরিয়া থেকে আনা হয়েছে গুডউইনকে। রবিনের ইনজুরি মাঠে নামার সুযোগ করে দিয়েছে এই স্ট্রাইকারকে এবং প্রথম পরীক্ষায় তিনি লেটারমার্ক নিয়ে উত্তীর্ণ।
গোল করার পরও কিন্তু ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি ঢাকা মোহামেডান। কারণ ব্রাদার্স হার না-মানা মনোভাবে অটল। তার সুফল পায় ১৫ মিনিটের মাথায়। ডানদিক থেকে জাহিদের পাঠানো ক্রসটি তপুর মাথা ঘুরে সামনে পড়তেই নাইজেরিয়ান হেনরির সাইডভলিতে ম্যাচে ফেরে গোপীবাগের দলটি। তারপর আবার শুরু হয় দু'দলের মরিয়া চেষ্টা। সেসব চেষ্টা সম্ভাবনা জাগিয়েছে, গ্যালারিতে শিহরণ তুলেছে কিন্তু ব্যবধান গড়তে পারেনি দু'দলের মধ্যে। সেরকম এক চেষ্টায় দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে যেতে হয়েছে আশরাফুলকে। ৪০ মিনিটে বাঁদিক থেকে উড়ে আসা ক্রস ঠেকাতে লাফিয়ে উঠেছিলেন তিনি আর মোহামেডানের বুকোলা গিয়েছিলেন হেড করতে। তাতেই এই ব্রাদার্স ডিফেন্ডারের মাথা রক্তাক্ত।
এরপরও ব্রাদার্স হাল ছাড়েনি। এক পর্যায়ে মোহামেডানের মাঝমাঠ অকার্যকর করে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় তারা। নিজেদর মধ্যে চমৎকার সমঝোতায় তারা বেশ কয়েকবার সাদাকালোর ডিফেন্সে হানা দিয়েছে যদিও কাজের কাজ হয়নি শেষপর্যন্ত। জিততে পারেনি তবে মানুষের মন জয় করে নিয়েছে। তাই ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবালের গলায়ও উচ্ছ্বসিত প্রশংসা, "পুরো মৌসুমে সম্ভবত এটাই আমাদের সেরা ম্যাচ। খেলোয়াড়রা সর্বস্ব উজার করে দিয়েছে এবং পজিটিভ ফুটবল খেলেছে। মোট কথা আমি যেরকম চেয়েছি তারা সেরকম খেলা উহার দিয়েছে।" তবে অধিনয়াক অমিত খান শুভ্র রেফারি আজাদ রহমানের ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন। মোহামেডানের কোচ মারুফুল হকও নিজের দলের চেয়ে ব্রাদার্সের খেলারই বেশি প্রশংসা করেছেন, "আমাদের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি দ্বিতীয়ার্ধে। ওরা (ব্রাদার্স) ভাল খেলেছে এবং ওদের চাপের মুখে আমাদের স্বাভাবিক খেলা নষ্ট হয়ে গেছে।" তারই কুফল হচ্ছে ইনজুরি টাইমে শরীফের লাল কার্ড দেখা। মতিউর মুন্নাকে অযথা ফাউল করে তিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিজেকে সেমিফাইনাল থেকে বঞ্চিত করেছেন। তিন হলুদ কার্ডের কারণে মোহামেডান অধিনয়াক আরমান আজিজ মিস করবেন সেমিফাইনাল।
তারপরও তাদের একটাই স্বস্তি, ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান অন্তত সেমিফাইনালে আবাহনীকে এড়াতে পেরেছে। দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেই জিতেছে তারা। ২৬ মিনিটে ইউসুফের বাড়িয়ে দেওয়া বলে গোল করেছেন খোকন দাস। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন ইদ্রিস মুতেবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24