বার্সেলোনা, ১৬ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- স্প্যানিশ লিগে বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত আছে। আর তাতে শীর্ষস্থানে তাদের ৬ পয়েন্টের অগ্রগামিতাও অটুট। রোববার আলমেরিয়াকে তারা হারিয়েছে ২-০ গোলে, সুবাদে ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। একই দিনে অনুষ্ঠিত অন্য এক গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে ভিলারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনার বৃত্তে ফিরে এসেছে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগ খেলার কারণে ক্লান্ত ছিলেন এতো এবং অঁরি। তাদের বাদ দিয়েই একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ গার্ডিওলা। আর এ কারণে দলে আসা বোজান সুযোগটা কাজে লাগিয়ে করেছেন দুই গোল। এই দুই গোলেই জিতেছে বার্সেলোনা, জিততে পারত আরও বড় ব্যবধানে, কিন্তু সেটা হতে দেননি আলমেরিয়ার ব্রাজিলিয়ান গোলরক্ষক ডিয়েগো অ্যালভেস। অসাধারণ সব সেভের মাধ্যমে তিনি গোলশূন্য রেখেছিলেন প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটেই বার্সেলোনা তাদের অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে চুরমার করে দেয় সব বাধা। প্রথম গোলটি আসে মেসির অসধারণত্বে, কয়েকজনকে কাটিয়ে তার প্লেসিংটি বারে লেগে ফিরে আসলে ফিরতি বল জালে পাঠান বোজান। দ্বিতীয় গোলটিও অসধারণ দলীয় সমন্বয়ের ফল। বক্সের ভেতর ছোট জায়গার মধ্যে অ্যালভেস-মেসি-ইনিয়েস্তাদের অসাধারণ কম্বিনেশনটাকে গোলে রূপ দেন বোজান। এবারের মৌসুমে এই ম্যাচেই প্রথম গোল পেলেন এই সম্ভাবনাময় ফরোয়ার্ড।
পোর্তোর সঙ্গে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু লিগে গত দুই ম্যাচে বার্সেলোনাকে হারানো এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র করা অ্যাটলেটিকো এই ম্যাচেও ধরে রেখেছিল তাদের সুন্দর ফুটবলের প্রদর্শনী। আর সেজন্যই ম্যাচের বড় একটা সময় পিছিয়ে থেকেও, ভিলারিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজের অসাধারণ পারফরম্যান্স সত্বেও, ফোরলানের পেনাল্টিসহ প্রায় হাফ ডজন নিশ্চিত গোল মিসের পরও তারা জিতেছে ৩-২ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৬০০ঘ.
bdnews24