ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সেমিফাইনালে উঠার পথে ঢাকা আবাহনী সব সম্ভ্রম লুটে নিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্রের! তাদের বড় পরাজয়ের সঙ্গে আছে একেবারেই খেলতে না পারার লজ্জা। বি. লিগের তিন নম্বর দলকে নিয়ে রীতিমতো কানামাছি খেলে ৩-০ গোলে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আকাশী-হলুদরা। অবশ্য গ্র"প চ্যাম্পিয়নদের আগেই ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়ে সুপার কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম মোহামেডান।
মাঠে দর্শক উপস্থিতি তেমন হয়নি। তাই সেমিফাইনালে উঠার আনন্দ-উচ্ছ্বাসটা হয়েছে ড্রেসিং রুমেই, নেচে-গেয়ে খেলোয়াড়রা এ মাহেন্দ্রক্ষণ উদযাপন করেছেন। তার তীব্রতা বাড়ার আরেকটি কারণ হচ্ছে, রোববার তারা দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিয়েছেন। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর ব্যাখ্যাটা হচ্ছে, "যতো দিন যাবে ততই ভাল খেলবে এ দল। কারণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে আর সমঝোতা ভাল হয়েছে।"
ম্যাচের শুরুর ৬ মিনিটের মাথায় গোল বের করে নেয় আকাশী-হলুদরা। গত দু'ম্যাচে যিনি ঘুমিয়েছিলেন সেই জাহিদ হাসান এমিলি এ ম্যাচে শুরু থেকেই উজ্জীবিত! শেখ রাসেলের দুই ডিফেন্ডার আমিনুল আর জহিরুলকে বাডিডজে ছিটকে ফেলে এমিলি গোলমুখ খুলে ফেলেন। তারপর আগুয়ান গোলরক্ষক খালেদ আজম বিপ্লবকে দেখে নিজে শট না নিয়ে বলটা ঠেলে দেন ইব্রাহিমের কাছে। সবকিছু এরকম সাজিয়ে দেওয়ার পর এই ঘানাইয়ান মিডফিল্ডার এতটুকু দেরি করেননি গোলের আনুষ্ঠানিকতা সারতে। এ গোলের পরই নাকি শেখ রাসেলের সব আশা হয়ে গেছে; কোচ ওয়াজেদ গাজীর অন্তত তাই মনে হয়েছে, "গোলটা তো আমরা উপহার দিয়েছি। যেখানে আমাদের বড় ব্যবধানে জিততে হবে সেখানে শুরুতে এরকম গোল হজম করলে দলের সব সম্ভাবনা শেষ হয়ে যায়। ওখানেই মানসিকভাবে শেষ হয়ে গেছে খেলোয়াড়রা।"
শুরুতেই শেষের ঘণ্টা বেজে উঠলে পরাজয় কী আর ঠেকানো যায়! অবশ্য শেখ রাসেলের ন্যূনতম চেষ্টাও দেখা যায়নি। দলটা ১১ জনের হলেও খেলেছেন তারা আলাদা দ্বীপের বাসিন্দার মতোই, প্রত্যেকেই যেন অচেনা প্রত্যেকের কাছে। তখন প্রতিপক্ষ খেলছে দলীয় সমঝোতার প্রতীক হয়ে। মাঝমাঠে আবুল কিংবা জাহিদ পারভেজের পায়ে বল পড়লে তা সতীর্থদের পা ঘুরে শেষ হয়েছে রাসেলের ডিফেন্সে গিয়ে। এভাবে তাদের ডিফেন্স কেঁপেছে বারবার আর হাস্যকর ঠেকেছে আবাহনীর খেলোয়াড়দের পাশে শেখ রাসেলের দৌঁড়ঝাপ করার দৃশ্যগুলি। ম্যাচ শেষে অবশ্য লজ্জার মাথা খেয়ে শেখ রাসেল অধিনায়ক মাহমুদুল হাসান স্বীকার করেছেন, "আমাদের এই দলে তো কিছু নেই। নাই মিডফিল্ড, নাই ফরোয়ার্ড। এভাবে কী ম্যাচ জেতা যায় নাকি।" নিজে ডিফেন্ডার বলে হয়তো ডিফেন্সের কথাটা সুকৌশলে চেপে গেছেন। লাল কার্ডের লজ্জাও পেতে হয়েছে তাদের। জাহিদ পারভেজকে মারাত্মক ফাউল করায় দলের প্রশান্তকে মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৭৯ মিনিটে।
আসলে শেখ রাসেলে নামি-দামী অনেক দেশী-বিদেশী খেলোয়াড় থাকলেও মাঠে তার বিন্দুমাত্র প্রভাব দেখা যায়নি। সুযোগে নির্ভার আবাহনী শুধু আক্রমণ করে গেছে। তাতে করে দু' ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন এমিলি এবং এমেকা নিজেকে তুলে নিয়েছেন গোলতার তালিকায় শীর্ষে। ৬৮ মিনিটে ডানদিক থেকে ওয়ালির ক্রসে হেড করে এমিলি সুপার কাপে নিজের প্রথম গোল করেছেন। আর ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে টিপুর বানিয়ে দেওয়া বলে নিজের পঞ্চম গোল করেছেন এমেকা।
সেমিফাইনালে উঠার লড়াইয়ের ম্যাচে দলের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি আবাহনীর কোচ অমলেশ সেন, "এটাই আমাদের সেরা পারফরম্যান্স, শেষ পর্যন্ত তা ধরে রাখতে হবে।" সঙ্গে ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর প্রার্থনা, "খারাপ দিনটি যেন না আসে।" আবাহনী যখন এরকম অভিব্যক্তি প্রকাশ করছে তখন সন্ধান পাওয়া যায়নি শেখ রাসেলের ম্যানেজার লটারি ভাগ্য-প্রবন সালেহ জামান সেলিমের।
সত্যি সুপার কাপটা না হলে যেন তারা বি. লিগে তৃতীয় হওয়ার সম্মানটুকু নিয়ে দিব্যি চালিয়ে দিতে পারতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.
bdnews24