২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ম্যান ইউকেও লজ্জায় ডোবালো লিভারপুল

রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করার সপ্তাহ পেরোনোর আগেই ইউরোপিয়ান ফুটবলের আরো একটি মহাশক্তিধর ক্লাবকে সেই রকমেরই লজ্জায় ফেলে দিলো লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

লন্ডন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করার সপ্তাহ পেরোনোর আগেই ইউরোপিয়ান ফুটবলের আরো একটি মহাশক্তিধর ক্লাবকে সেই রকমেরই লজ্জায় ফেলে দিলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে 'অল রেড'রা। তাও আবার প্রথমে গোল খাওয়ার পর ঘুরিয়ে দাঁড়িয়ে এই জয়টা পেয়েছে তারা! ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের মাতিয়ে তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সেই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ি হয়নি তাদের। ফার্নান্দো তোরেসের গোলে সমতা আনার পর স্টিভেন জেরার্ড বিরতির আগেই অতিথিদের এগিয়ে নিয়েছেন। ৭৬ মিনিটে রেড ডেভিলদের জন্য আরো বড় দুঃসংবাদ বয়ে এনেছেন নেমানিয়া ভাইদিচ, নিজেদের সীমানায় ফাউল করে লালকার্ড দেখেছেন তিনি। ওই সুযোগে পাওয়া ফ্রি কিক থেকে গোল করে লিভারপুলকে আরো এগিয়ে নিয়েছেন ফ্যাবিও অরেলিও। আর ইনজুরি সময়ে গোল করে ম্যান ইউর কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন বদলি খেলোয়াড় আন্দ্রিয়া দোসেনা। প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ অপরাজিত আর টানা ১১ ম্যাচ জয়ের পর এই হারের স্বাদ পেতে হলো রেড ডেভিলদের। তবে এই হারের পরও তারাই আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫, এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের সংগ্রহ ৬১। এদিনের অন্য দুটি ম্যাচে আর্সেনাল ১-০ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে আর এভারটন ২-০ গোলে স্টোক সিটিকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৪৫ ঘ.