২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত পেনাল্টি গোলের জয় দিয়ে মোহামেডানের শুরু

অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা মোহামেডান। রক্ষাকর্তা রেফারি মিজানুর রহমান, তার দেওয়া বিতর্কিত এক পেনাল্টি উপহারে মোহামেডান ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে কোটি টাকার সুপার কাপ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা মোহামেডান। রক্ষাকর্তা রেফারি মিজানুর রহমান, তার দেওয়া বিতর্কিত এক পেনাল্টি উপহারে মোহামেডান ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে কোটি টাকার সুপার কাপ শুরু করেছে। আর এর সঙ্গে শুরু হয়েছে চিরাচরিত রেফারিং বিতর্কও। ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর কোচ মোহাম্মদ কাশেম অভিযোগ তুলেছেন রেফারির বিরুদ্ধে, "আপনারা সবাই ম্যাচ দেখেছেন। হাতের ওপরের অংশে লাগলে পেনাল্টি হয়, এরকম কোথাও দেখিনি আমি। এরকম বাজে রেফারিং হলে আমারা কীভাবে খেলবো ?" রেফারি মিজানুর রহমানের এই সিদ্ধান্ত গেছে মোহামেডানের পক্ষে, স্বাভাবিকভাবেই তারা খুশি। তা প্রকাশও পেয়েছে সাদা-কালোর কোচ মারুফুল হকের কথায়, "সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। তবে আমারও মনে হয়েছে বলটা তাদের কোনো এক খেলোয়াড়ের হাতের নীচের দিকে লেগেছে।" ওই দুর্ভাগা খেলোয়াড়টি হলেন চট্টগ্রাম আবাহনীর নাজির। মোহামেডানের মারুফের নেওয়া শটটি গিয়ে লেগেছিল তার হাতে। সুবাদে ৬৪ মিনিটে বুকোলার পেনাল্টি গোলে তারা সুপার কাপের প্রথম বাধা অতিক্রম করে। তবে এটি সত্য, মোহামেডান জেতার মতো ম্যাচ খেলেনি। পুরোটাই এলোমেলো ফুটবল, যেখানে আলাদা করে কাউকে চোখে পড়েনি। মোামেডানের কোচও তা স্বীকার করেছেন, "আমার দল মোটেও ভাল খেলেনি। আসলে ইনজুরি আর অসুস্থতার কারণে আমাদের স্টার্টিং লাইন-আপটাই ভাল হয়নি।" রবিন, হাসান আল-মামুন, রজনী, কমলকে বাইরে রেখেই নামাতে হয়েছে প্রথম একাদশ। যে দলের একমাত্র সম্বল বি. লিগের সর্বোচ্চ গোলদাতা বুকোলা ওলালিখান। ব্যক্তিগত কারিশমা দিয়ে কেবল তিনিই পারেন দলকে পার করে নিতে। তাই এই নাইজেরিয়ানের পায়ে বল পড়লেই মোহামেডান গ্যালারি দুলে উঠে উত্তেজনায়। কিন্তু বার বার আটকে গেছেন আবাহনীর কড়া প্রহরায়। ১৬ মিনিটে বুকোলা প্রথমবারের মতো বল নিয়ে ঢুকে পোস্টের কাছাকাছি পৌঁছেও পারেননি, ছোঁ মেরে বল গ্রিপে তুলে নিয়েছেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক গোলাম মোস্তফা। ৩১ মিনিটে নাসিরের ক্রসে তিনি পা ছোঁয়াতে পারলেও হতো। ঠিক পরের মিনিটেই আবার মিশরীয় হাজেমের ক্রসে সুযোগ তৈরি হলেও বুকোলা ব্যর্থ। তিনি মাথা ছোঁয়ানোর আগেই বল পাঞ্চ করে দিয়েছেন গোলরক্ষক গোলাম মোস্তফা। কিছুতেই কিছু হচ্ছে না, দিনটি বোধহয় তার নয়। এরকম ধারনা যখন তৈরি হচ্ছিল তখন রেফারির উপহারে দিনটি শেষপর্যন্ত বুকোলারই হয়ে গেছে। তবে চট্টগ্রাম আবাহনীও খারাপ খেলেনি। মোহামেডানের খারাপ পারফরম্যান্সের সুযোগ নিয়ে চট্টগ্রামের দলটি দারুণ লড়াই করেছে। ৬৭ মিনিটে সবচেয়ে ভাল সুযোগটা নষ্ট করেছেন তাদের শরীফুল পোস্টের সামনে দাঁড়িয়ে হেড করে বলটা মোহামেডান গোলরক্ষক আমিনুলের হাতে তুলে দিয়ে। এর আগে ২৫ মিনিটে শওকত রনি গোলমুখ খুলেও শটটি মেরেছেন ক্রসবার উঁচিয়ে। গোল না পেলেও দলের এই পারফরম্যান্সে বেশ খুশি চট্টগ্রাম আবাহনীর কোচ মোহাম্মদ কাশেম। কিন্তু আফসোস রেফারির বিতর্কিত সিদ্ধান্ত তাদের হারিয়ে দিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.