ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী প্রচারে ঢাকা এসেছেন এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এসে তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভা করেছেন।
বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন এএফসি প্রেসিডেন্ট। এসেই তিনি বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন, "আমার আসার একটা বড় কারণ হচ্ছে ফিফা নির্বাচন। তাতে আমি বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা চাই।" ফিফার এশিয়া অঞ্চলের জন্য সংরক্ষিত পদে নির্বাচন হবে আগামী ৮ মে। তাতে প্রতিদ্বন্ধিতা করছেন মোহাম্মদ বিন হাম্মাম। বাংলাদেশের ভোটটি তার পক্ষে যাওয়া নিশ্চিত করতেই তিনি ঢাকা এসেছেন। সঙ্গে করে নিয়ে এসেছেন আরো আটটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে।
নির্বাচনী প্রচারের পাশাপাশি হাম্মাম বাংলাদেশের ফুটবল উন্নয়নেরও তাগিদ দিয়েছেন। "এই সফরে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়েও আলোচনা করবো। উন্নয়নের জন্য কী করা প্রয়োজন এবং কীভাবে তা হবে এসব নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করবো"---- বলেছেন এএফসি প্রেসিডেন্ট। এছাড়া বাফুফের বর্তমান কমিটির কর্মকাণ্ডে তিনি সন্তোষ প্রকাশ করে বলেছেন, "বি. লিগের পর সুপার কাপের মতো বিশাল অংকের প্রাইজমানির একটা টুর্নামেন্ট হচ্ছে, এটাই বলে দেয় বাংলাদেশের ফুটবল ঠিকঠাক চলছে।" আর বি. লিগ শিরোপা জেতায় ঢাকা আবাহনী লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন হাম্মাম।
শুক্রবার সকালে তিনি সদলবলে রওনা হবেন মালের পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24