২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমেকার জোড়া গোলে আবাহনীর 'রহমতগঞ্জ জয়'

লিগ যেখানে শেষ করেছিলেন, সুপার কাপে সেখান থেকেই যেন শুরু করলেন এমেকা ক্রিশ্চিয়ান। আর তাই ঢাকা আবাহনীর সামনে থেকে রহমতগঞ্জ নামের ভয়ের ছায়া উবে গেছে অনায়াসেই। এই নাইজেরিয়ান স্ট্রাইকারের দুই গোলের সুবাদে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপে দুর্দান্ত শুরু করেছে বি. লিগ চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিগ যেখানে শেষ করেছিলেন, সুপার কাপে সেখান থেকেই যেন শুরু করলেন এমেকা ক্রিশ্চিয়ান। আর তাই ঢাকা আবাহনীর সামনে থেকে রহমতগঞ্জ নামের ভয়ের ছায়া উবে গেছে অনায়াসেই। এই নাইজেরিয়ান স্ট্রাইকারের দুই গোলের সুবাদে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে সুপার কাপে দুর্দান্ত শুরু করেছে বি. লিগ চ্যাম্পিয়নরা। আবাহনীর ভয় ছিল দুটো, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং রহমতগঞ্জকে নিয়ে। বি. লিগের প্রথম দিনে এই রহমতগঞ্জের কাছে হার দিয়েই শুরু করতে হয়েছিল হলুদ-আকাশীদের। পাশাপাশি অবশ্য একটা আশার জায়াগাও ছিল। গত ১৬ ফেব্র"য়ারি বি. লিগের শেষ ম্যাচে এই রহমতগঞ্জকে ৬-৩ গোলে হারিয়েই তারা মেতেছিল শিরোপা উৎসবে। সুপার কাপের উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত সেই উৎসবেরই অনুরনন দেখা গেছে আবাহনী শিবিরে। আর স্বমহিমায় দেখা গেছে বি. লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এমেকাকে। রহমতগঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করে লিগ শেষ করেছিলেন করেছিলেন তিনি, বুধবার আবার তিনিই রহমতগঞ্জ-বাধা পার করে দিয়েছেন লিগ চ্যাম্পিয়নদের। সুপার কাপে এমন শুরুর পর দারুণ খুশী আবাহনী অধিনায়ক নজরুল ইসলাম। তার চোখে এ জয়ের মহিমা হচ্ছে, "ম্যাচটা জেতায় সেমিফাইনালের পথ সুগম হয়ে গেছে আমাদের জন্য। তাছাড়া শুরুর ম্যাচটা নিয়ে এক ধরনের ভয়ও থাকে।" ভয়টা অবশ্য কেটে গেছে ম্যাচের শুরুতেই। কারণ প্রতিপক্ষের কিছু বুঝে ওঠার আগেই রুদ্ররূপে হাজির এমেকা। যেন আগের ম্যাচের ধারাবাহিকতায় তিনি ২ মিনিটের মাথায় আবুলের ক্রসে টোকা দিয়ে আকাশী-হলুদ শিবিরে আনন্দের বারতা পৌঁছে দেন। চিরচেনা আবাহনী গ্যালারির উন্মাদনা যদিও চোখে পড়েনি তাতে, কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধ্যমতো প্রচারণার পরও সব মিলিয়ে ৫-৬ হাজার দর্শক হাজির হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের শুরুতেই ওই গোল খেয়ে যেন এলোমেলো হয়ে যায় রহমতগঞ্জ। সুযোগটা নিয়ে আবাহনী আরো চড়াও হলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। উল্টো এই অর্ধের শেষেরদিকে রহমতগঞ্জ একটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল সমতা আনার। ৪২ মিনিটে ডি'এর অনেকটা বাইরে থেকে কবিরের আচমকা শটে কেঁপে উঠে পুরো আবাহনী শিবির। গোলরক্ষক বিপ্লব ডাইভ দিয়ে তা কোনোক্রমে ঠেকালেও ফিরতি বলটি দারুণ সুযোগ করে দিয়েছিল রহমতগঞ্জকে। কিন্তু পোস্টের সামনে দাঁড়িয়েও সেটা কাজে লাগাতে পারেননি ইদ্রিস কাসিরি, বলটি কীভাবে যেন বারের ওপর দিয়ে চালান করে দিয়েছেন। গোল শোধের এমন দারুণ সুযোগ মিস হওয়ার পর ৫৮ মিনিটে আবার আবাহনী একটি গোল উপহার দিয়েছে পুরনো ঢাকার দলটি। শিপনের আত্মঘাতি গোল! আবাহনীর ডিফেন্ডার ওয়ালি ফয়সালের লবে ফরাশগঞ্জের এই ডিফেন্ডারের মাপা হেড নিজেদের গোলে আশ্রয় নিয়েছে। দৃশ্যটা এরকম হলেও শিপন নাকি গোলরক্ষক আলীর হাতে দিতে চেয়েছিলেন বলটি। এজন্যই তাদের কোচ মীর ফারুক বারবার ভাগ্যকে দুষছেন, "প্রথমে গুছিয়ে ওঠার আগে গোল খেয়ে খেলোয়াড়দের মনোবলে ধাক্কা লেগেছে। তারপর আবার আত্মঘাতি গোল। আসলে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। কিছু করার নেই, এরকম হয় মাঝে মাঝে।" এদিন আসলেই ফুটবল দেবতার অশরীরী অবস্থান বোধ হয় আবাহনীর তাঁবুতে ছিল। তাই আবাহনী শুরু থেকেই দুর্বার। এমনকি লিগের চেয়েও অনেক বেশি সংগঠিত মনে হয়েছে তাদের। এবং লিগের সুপার পারফরমার এমেকাও উজ্জ্বল শুরু থেকে। ৮১ মিনিটে দলের তৃতীয় গোলটি তার ব্যক্তিগত স্কিলের অসাধরণ প্রদর্শনী হয়ে থাকবে। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে তিনি এক দৌড়ে রহমতগঞ্জের তিন-চারজনকে ছিটকে ফেলে করেছেন নিজের দ্বিতীয় গোল। এর আগে ৬০ মিনিটে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারলে এদিনও তার হ্যাটট্রিক হয়ে যেতে পারতো। কিন্তু এই নাইজেরিয়ানের প্লেসিং শটটি গোল-লাইন থেকে ঠেকিয়ে দিয়েছেন ফরাশগঞ্জের নওরোজ। হ্যাটট্রিক না হলেও অবশ্য সুপার কাপের উদ্বোধনী ম্যাচের নায়ক এমেকাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২০৫ ঘ.