ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটি টাকার সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বি. লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
আবাহনীর পক্ষে দুটি গোল করেছেন তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা, অন্য গোলটি হয়েছে আত্মঘাতী।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এমেকার গোলে প্রথম এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে ছিল তারা। ৫৮ মিনিটে শিপনের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় আর ৮১ মিনিটে আবাহনীর জয় নিশ্চিত করা তৃতীয় গোলটি করেন এমেকা।
বুধবারই অন্য একটি ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম মোহামেডানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪০ ঘ.
bdnews24