লন্ডন, ১১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে লিভারপুলের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় আবারো ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে একরাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের। এই নিয়ে টানা পঞ্চম বারের মতো দ্বিতীয় রাউন্ডেই শেষ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ অভিযাত্রা!
লিভারপুলের মতো মঙ্গলবার রাতে সাফল্যের আনন্দ উদযাপন করেছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। দু বার পিছিয়ে পড়েও জুভেন্টাসের মাঠে ২-২ গোলে ড্র করায় ৩-২ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল চলে গেছে তারা। শেষ আটে চেলসি-লিভারপুলের সঙ্গী হয়েছে বায়ার্ন মিউনিখ ও ভিলারিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে ১২-১ অ্যাগ্রিগেটের রেকর্ড গড়ে বায়ার্ন ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগালের স্পোর্টিংকে। আর ভিলারিয়াল ২-১ গোলে (অ্যাগ্রিগেট ৩-২) হারিয়েছে প্যানাথিনাইকোসকে।
ঘরের মাঠে প্রথম লেগ ০-১ গোলে হেরে যাওয়ায় লিভারপুলের সঙ্গে জিততেই হতো রিয়ালকে। কিন্তু অ্যানফিল্ডে শুরু থেকে উল্টো রিয়ালকেই চেপে ধরে 'অল রেড'রা। নবম মিনিটে ডার্ক কিউয়েটের পাস থেকে ফার্নান্দো তোরেসের মাধ্যমে স্বাগতিকদের গোলোৎসবের সূচনা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেছেন শততম ইউরোপীয় ম্যাচ খেলতে নামা অধিনায়ক স্টিভেন জেরার্ড। যদিও গ্যাব্রিয়েল হাইঞ্জের হ্যান্ডবল নিয়ে সংশয় ছিল যথেষ্ট।
তবে সব সংশয় দূর করে দিয়েছেন জেরার্ডই, দ্বিতীয়ার্ধের শুরুতে রায়ান বাবেলের ক্রস থেকে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোল করে। আর ৮৮ মিনিটে রিয়ালকে 'এক হালি' গোল খাওয়ার লজ্জায় ডুবিয়েছেন বদলি হিসাবে নামা আন্দ্রিয়া দোসেনা।
জুভেন্টাসের মাঠে ১৯ মিনিটে ভিনসেঞ্জো ইয়াকুইন্তার গোলে পিছিয়ে পড়লেও দমে যায়নি চেলসি। বিরতির ঠিক আগে মাইকেল এসিয়েনের লক্ষ্যভেদে ম্যাচে ফিরেছে তারা। ৭০ মিনিটে জিওর্জিও চিয়েল্লিনি দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলে দশ জনের দলে পরিণত হয় 'জুভ'রা। কিন্তু তার ৪ মিনিট পর একজন কম নিয়েও আলেসান্দ্রো দেল পিয়েরোর পেনাল্টিতে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। তবে তাতে কোনো লাভ হয়নি ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটির। নির্ধারিত সময় শেষ হওয়ার ৭ মিনিট আগে দিদিয়ের দ্রগবার লক্ষ্যভেদ (প্রথম লেগের একমাত্র গোলটিও ছিল তার) ম্যাচে সমতা ফিরিয়ে এনেছে আবার। আর সেটা ধরে রেখে কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে 'ব্লুজ'।
প্রথম লেগে স্পোর্টিংয়ের মাঠে ৫-০ গোলের জয় পাওয়ায় শেষ আট প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বায়ার্নের। তাই মিউনিখে নির্ভাবনায় নেমে জার্মান 'জায়ান্ট'রা একেবারে গোল-বন্যায় ভাসিয়ে দিয়েছে পর্তুগিজ প্রতিপক্ষকে। লুকাস পোডলস্কি করেছেন দুই গোল। একটি করে গোল অ্যান্ডারসন পোলগা, বাস্তিয়ান শোয়েইনস্টাইগার, মার্ক ফন বোমেল ও মিরোস্লাভ ক্লোসার। অন্য গোলটা আত্মঘাতী। চ্যাম্পিয়ন্স লিগে এত দিন দুই লেগ মিলিয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল ফ্রান্সের অলিম্পিক লিওঁর। ২০০৪-৫ মৌসুমে জার্মানির ওয়ার্ডার ব্রেমেনকে তারা উড়িয়ে দিয়েছিল ১০-২ অ্যাগ্রিগেটে। মঙ্গলবার স্পোর্টিংকে বিধ্বস্ত করে রেকর্ডটা নিজেদের করে নিয়ে স্বদেশকে সেই লজ্জা থেকেও মুক্তি দিয়েছে বায়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৩০ঘ.
bdnews24