ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়াঙ্গনে কখনো বোধহয় এক কোটি টাকা এত মহার্ঘ্য হয়ে উঠেনি। তা নিয়ে ইতিমধ্যে হাজার কোটি টাকার কথা হয়ে গেছে। কথার পর এবার মাঠের খেলা। আটটি দল বুধবার থেকে কোটি টাকার সিটিসেল সুপার কাপ জয়ের লড়াইয়ে নামছে।
লড়াই আট দলের হলেও কোটির পেছনে দৌড়াচ্ছে না সবাই। গত কয়েকদিনের দল পরিচিতিতে তারা নিজেদের লক্ষ্য স্পষ্ট করেছে। নিজেদের সামর্থ্য এবং সীমাবদ্ধতা মাথায় রেখেই অনেকে স্বপ্নটা সেমিফাইনালে সীমায়িত করে নিয়েছে। ওসব হিসেব-নিকেশ করে দেখা গেছে কোটি টাকার লড়াইয়ে শরীক হয়েছে ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, শেখ রাসেল ক্রীড়াচক্র ও ব্রাদার্স ইউনিয়ন। সবসময় যারা ঢাকা মাঠে আধিপত্য করে এবারো তারা সুপার কাপের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তবে পরিধির দিকে থাকা দলগুলোরও কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে। তা ঘটা করে বলার সাহস না পেলেও চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, ফরাশগঞ্জ কিংবা রহমতগঞ্জ অঘটন ঘটানোর জন্য ভালভাবে তৈরি হয়েছে।
এই ভয় সঙ্গোপনে রেখেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ঢাকা আবাহনী। বুধবার বিকেল সাড়ে ৪টায় তারা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জের। যাদের কাছে হেরেই লিগ শুরু করেছিল বি. লিগ চ্যাম্পিয়নরা। ওই ক্ষত মাথায় রেখেই আবাহনী কোচ অমলেশ সেন জয়ের জন্য সংকল্পবদ্ধ, "সেমিফাইনাল ওঠার জন্য জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের। নিজেদের ডিফেন্স সুরক্ষিত রেখেই আমরা গোলের জন্য খেলবো।" লিগের অভিজ্ঞতা হচ্ছে, ডিফেন্স সুরক্ষিত রাখতে গিয়ে আবাহনীর মাঝমাঠ ফাঁকা হয়ে যায়। ভাল কোনো আক্রমণ গড়ে ওঠে না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী ? অমলেশের জবাব, "আমরা অ্যাটাকিং ফুটবল খেলবো।" এজন্য তাদের লাইন-আপে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে কিনা কিংবা নতুন ঘানাইয়ান মিডফিল্ডার তেত্তেকে খেলানোর ব্যাপারে কোচ কোনো মন্তব্য করেননি।
এদিকে রহমতগঞ্জ আবারো চমক দেওয়ার জন্য তৈরি হচ্ছে। বি. লিগের দলের সঙ্গে নতুন ফুটবলার যোগ করে তারা সেমিফাইনালের স্বপ্ন দেখছে। রহমতগঞ্জের কোচ মীর ফারুক বলেছেন, "আমরাও পয়েন্ট চাই প্রত্যেক ম্যাচ থেকে। আবাহনীকে হারানোর ক্ষমতা আমাদের আছে। এই আত্মবিশ্বাস নিয়ে রহমতগঞ্জ মাঠে নামবে।"
'এ' গ্র"পের উদ্বোধনী ম্যাচের পর সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে একই গ্র"পের শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম মোহামেডান। তাতে বিদেশী নির্ভর শেখ রাসেল ফেভারিট। যদিও খেলার সৌন্দর্য্য ও সমঝোতায় তাদের তেমন সুনাম নেই। তুলনায় চট্টগ্রাম মোহামেডান অনেক বেশি সংগঠিত। নামি-দামী ফুটবলার না থাকলেও যে কোনো বড় প্রতিপক্ষের জন্য তারা আতঙ্ক হয়ে উঠতে পারে।
উদ্বোধনী ম্যাচের আগে অবশ্য তেমন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নেই দুই কোটি টাকার সুপার কাপ ফুটবলের। চ্যানেল আই-এর ক্ষুদে গানরাজের শিল্পীদের গানের পর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটিসেলের প্রধান নির্বাহী মাইকেল সিমোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩৫ঘ.
bdnews24