ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)------ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো পেশাদার সাধারণ সম্পাদক নিয়োগ করছে। এই পদের জন্য বাফুফে পছন্দ করেছে আল মুসাব্বির সাদীকে।
সাদী পরিচিত ক্রীড়া সাংবাদিক হিসেবে। মঙ্গলবার বাফুফে সভায় তাকে নেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তাতে প্রাধান্য পেয়েছে ফুটবলের আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে তার সম্যক ধারনা এবং দেশের ফুটবলকে ভালভাবে চেনা। এছাড়া বয়সেও সাদী (৪২) অন্যদের পেছনে ফেলে দিয়েছেন বলে জানা গেছে বাফুফে সূত্রে। এই পদের জন্য আরো ছয়জন আবেদন করেছিলেন।
গত এপ্রিলে নতুন কমিটি বাফুফের দায়িত্ব নিলেও এই পদ খালি ছিল। কারণ ফিফা পেশাদার সাধারণ সম্পাদক নিয়োগ বাধ্যতামূলক করে দিয়েছে। অবশেষে সাদীকে নিয়োগ দিয়ে পদটি পূরণ হচ্ছে। কবে থেকে তিনি কাজ শুরু করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বৃহস্পতিবার এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের বাংলাদেশ সফরের সময় সাদী বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০০২ঘ.
bdnews24