২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের লক্ষ্য শিরোপা, চট্টগ্রাম মোহামেডানের সেমিফাইনাল

সদ্য সমাপ্ত বি. লিগের অবস্থান হিসাব করলে দু'দলের পার্থক্য ঊনিশ-বিশ। চতুর্থ হওয়া ব্রাদার্স ইউনিয়নের পরের স্থানটি চট্টগ্রাম মোহামেডানের। কিন্তু সিটিসেল সুপার কাপের স্বপ্নে তাদের আকাশ-পাতাল ফারাক। ব্রাদার্স ইউনিয়ন যখন কোটি টাকা জয়ের স্বপ্ন দেখছে তখন চট্টগ্রাম মোহামেডানের চোখ আটকে আছে সেমিফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য সমাপ্ত বি. লিগের অবস্থান হিসাব করলে দু'দলের পার্থক্য ঊনিশ-বিশ। চতুর্থ হওয়া ব্রাদার্স ইউনিয়নের পরের স্থানটি চট্টগ্রাম মোহামেডানের। কিন্তু সিটিসেল সুপার কাপের স্বপ্নে তাদের আকাশ-পাতাল ফারাক। ব্রাদার্স ইউনিয়ন যখন কোটি টাকা জয়ের স্বপ্ন দেখছে তখন চট্টগ্রাম মোহামেডানের চোখ আটকে আছে সেমিফাইনালে। আসলে বি. লিগে ভাল করার পরও চট্টগ্রাম মোহামেডান এখনো 'বড়' হয়ে উঠতে পারেনি! নিজেদের 'মফস্বলের' দল ভেবে যেন খানিকটা হীনম্মন্যতায়ও ভোগে তারা। তাদের কোচ মোহাম্মদ ইউসুফ নিজেদের গায়ে মফস্বলীয় গন্ধ খুঁজে পান। চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক মাসুদ পারভেজ কায়সার অবশ্য অতোটা সরাসরি বলেননি, "ঢাকার বেশিরভাগ দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। আমাদের টার্গেট সেমিফাইনাল, এর চেয়ে বেশি ভাবতে পারে না ঢাকার বাইরের দলগুলো।" না পারার পেছনে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই বলে এটাকে নেহাতই তাদের ভাবনার জগতের দীনতা বলে ধরে নেওয়া যায়। নইলে চারজন বিদেশী এবং ভাল দেশী ফুটবলারদের নিয়ে দল গড়েও কেন সেমিফাইনালের স্বপ্নে আটকে থাকবে চট্টগ্রাম মোহামেডান ? অথচ ব্রাদার্স ইউনিয়ন সেই পুরনো দল নিয়ে সুপার কাপ জেতার কথা বলছে। তাদের ম্যানেজার আমের খান বলেছেন, "আমরা দেশী ফুটবলারদের ওপরই ভরসা করছি। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমাদের লক্ষ্য সুপার কাপ জেতা।" বি. লিগে চতুর্থ হওয়া দলটি কোনো শক্তি বৃদ্ধি না করেই নামছে কোটি টাকার জুয়া জিততে ! বিদেশী বলতে পুরনো হেনরি। "বিদেশী আনা এবং ট্রায়ালের জন্য যে সময় দরকার তা নেই। তাছাড়া ইদানীং ভাল মানের বিদেশী ফুটবলারও আসছে না ঢাকায়"--- এভাবে বিদেশীর প্রতি অনীহার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাদার্স ম্যানেজার। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এয়ার ইন্ডিয়ার আফ্রিকান ফুটবলার বাসিরো মোহাম্মদের আসার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। সোমবার বাফুফে আয়োজিত ক্লাব পরিচিতিতে আসেননি ব্রাদার্সের কোচ ওয়াসিম ইকবাল। তখন তিনি মাঠে ব্যস্ত দল নিয়ে। বোঝা যাচ্ছে কোচ এবং খেলোয়াড়রা আন্তরিক। কিন্তু এই আন্তরিকতা ব্রাদার্সকে তেমন কিছু দিতে পারেনি বি. লিগে। এজন্য দলের অধিনায়ক অমিত খান শুভ্র দুষছেন ধারাবাহিকতাকে, "এক পয়েন্টের জন্য আমরা ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলতে পারিনি। আর বি. লিগে আমাদের খেলায় ধারাবাহিকতা ছিল না। ভাল খেলেও আমরা গোল পাইনি।" বরাবরই তাদের গোলের জায়গায় গোলমাল হলেও সেটা সারানোর ব্যাপারে ব্রাদার্সের সেরকম কোনো উদ্যোগও চোখে পড়ছে না। বরং চট্টগ্রাম মোহামেডান অনেকটা শক্তি বৃদ্ধি করেই নামছে সুপার কাপে। পূরণ করেছে চার বিদেশীর কোটা --- কামারা, অ্যান্থনি, মুসা ও রাফায়েলকে দিয়ে। সঙ্গে নিয়েছে তারা স্বদেশী চারজন, সেনাবাহিনীর স্ট্রাইকার নাসির, বাড্ডা জাগরণীর কমল, ভিক্টোরিয়ার মামুন ও করিমকে। এই দল নিয়ে তারা সেমিফাইনালের স্বপ্নও দেখছে। তবে চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক মাসুদ পারভেজ কায়সার বলেছেন অন্যভাবে, "আমাদের লক্ষ্য ভাল খেলা। ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো না হলে কোটি টাকার টুর্নামেন্ট দেখতে মাঠে দর্শক আসবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০০ঘ.