২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি খেলোয়াড়দের আশ্বস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

হকি খেলোয়াড়রা এসএ গেমসের অনুশীলন ক্যাম্পের আবাসন সমস্যার কথা তুলে ধরেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। মন্ত্রী নিজেও ঘুরেফিরে দেখেছেন, তারপর দিয়ে গেছেন শুধু মৌখিক আশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকি খেলোয়াড়রা এসএ গেমসের অনুশীলন ক্যাম্পের আবাসন সমস্যার কথা তুলে ধরেছেন ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। মন্ত্রী নিজেও ঘুরেফিরে দেখেছেন, তারপর দিয়ে গেছেন শুধু মৌখিক আশ্বাস। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর আহাদ আলী সরকার সোমবার প্রথমবারের মতো গেছেন হকি দর্শনে। বিনয়ী হয়ে নিজের পরিচয় দিয়ে খেলোয়াড়দের সঙ্গেও পরিচিত হয়েছেন। এবং অনেকের বাড়ি রাজশাহী শুনে খানিকটা আপ্লুতও হয়েছেন নাটোরের মন্ত্রী। পরক্ষণে মনটা একটু ভারাক্রান্তও হয়েছে বৈকি। কারণ খাওয়া-দাওয়া থেকে শুরু করে অভিযোগের ফিরিস্তিতে বিছানা-মশারি এমনকি বাথরুম প্রসঙ্গও ছিল। হকি কর্মকর্তা এবং বিওএ'র প্রতাপশালী নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীকে দেখে খেলোয়াড়রা একটু ইতস্তত করলেও আহাদ আলী তাদের অভয় দিয়েছেন এই বলে, "আমি তো মন্ত্রী, আমাকে তোমাদের সমস্যার কথা জানতে হবে।" তিনি জেনেছেন খেলোয়াড়রা যেখানে থাকেন (হকি স্টেডিয়ামের দোতলায়) সেখানে ঘুম কিংবা বিশ্রাম কোনোটিই হয় না। কারণ পাশের রাস্তায় গাড়ির হর্নে সুরের মুর্ছনা খুঁজে পায়নি কেউ। আর বাথরুমের করুণ অবস্থা দেখেছেন তিনি স্বচক্ষে। তারপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হবে বলে কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু হকি মাঠে নয়, হ্যান্ডবল, ভলিবল, ভারোত্তোলনের অনুশীলন ক্যাম্প দেখেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর এভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের বেশ কয়েকটি ক্রীড়া স্থাপনা ঘুরে দেখেছেন। দেখাটা কেমন ? স্থাপনাগুলো কী মান-সম্মত ? জবাবে আহাদ আলী সরকার বলেছেন, "আমার দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি, তাই দেখাও হয়নি। তবে এটুকু বলতে পারি স্থাপনাগুলো তো দেশের সম্পদ।" মানে মন্ত্রী নিজেও এখন ক্রীড়া বিষয়ক জ্ঞান আহরণ করছেন। বিষয়টা তার জন্য নতুন হলেও আন্তরিকতার কোনো ঘাটতি নেই, "খেলাকে সর্বোচ্চ জায়াগায় নিয়ে যাওয়াই আমার কাজ। এজন্য আমি যখন-তখন স্টেডিয়ামে চলে আসতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৫৫ঘ.