লন্ডন/মিলান, ৯ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- স্প্যানিশ লিগে টানা ১০ ম্যাচ জয়ের সুখস্মৃতিকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদ এখন কঠিন পরীক্ষার সামনে। শনিবার 'লা লিগা'য় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে কোনো রকমে ড্র করে জয়ের ধারায় ছেদ টানা স্প্যানিশ চ্যাম্পিয়নদের যে পরীক্ষার নাম লিভারপুল। দু সপ্তাহ আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে লিভারপুলের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল। মঙ্গলবার অনুষ্ঠেয় ফিরতি লেগে তাই লিভারপুলের মাঠে জিততেই হবে তাদের। নইলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের।
একই রকম ঝুঁকির মধ্যে আছে জুভেন্টাসও। তুরিনের 'ওল্ড লেডি'দের অবস্থা অবশ্য রিয়ালের চেয়ে তুলনামূলক ভালো। প্রথম লেগে রিয়ালের মতোই ০-১ গোলে হেরে গেলেও সেই ম্যাচটা ছিল চেলসির মাঠে। মঙ্গলবার জুভেন্টাসকেও জিততে হবে ঠিকই, কিন্তু সুযোগটা তারা পাচ্ছে ঘরের মাঠ 'স্টাডিও অলিম্পিকো'তে।
সেই তুলনায় জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ অনেক, অনেক নির্ভার। প্রথম লেগে পর্তুগালের স্পোর্টিংকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তরণ প্রায় নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। মঙ্গলবার মিউনিখে তাই তাদের দুশ্চিন্তামুক্ত হয়ে নামারই কথা। এদিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ভিলারিয়াল ও প্যানাথিনাইকোস। ভিলারিয়ালে অনুষ্ঠিত প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।
এ মৌসুমের মাঝামাঝি হুয়ান্দে র্যামোস দায়িত্ব নেয়ার পর থেকেই ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। টানা ১০ ম্যাচ জিতে স্প্যানিশ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিল তারা। কিন্তু শনিবার মাদ্রিদ 'ডার্বি' ড্র করায় এবং সেদিনই বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে দেয়ায় দু দলের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬ পয়েন্টে।
র্যামোস অবশ্য সেটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না। রিয়াল কোচের ভাবনায় এখন শুধুই অ্যানফিল্ডে লিভারপুলের সঙ্গে লড়াইটা। শিষ্যদের উজ্জীবিত করার জন্য তাই তিনি বলছেন, "লিভারপুলের বিপক্ষে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতোই।" সেই 'ফাইনালে' র্যামোস ফিরে পাচ্ছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপেকে। সাসপেনশনের কারণে শনিবারের 'ডার্বি' মিস করেছিলেন পেপে। এবং তার অনুপস্থিতিতে সেদিন রিয়ালের ডিফেন্সকে ভালোই ভুগিয়েছিলেন অ্যাটলেটিকোর ফরোয়ার্ডরা।
শনিবার রিয়ালের মতো ভুল করেনি জুভেন্টাস। সেদিন ইতালিয়ান সিরি 'আ'তে 'ডার্বি' ম্যাচে তোরিনোকে ১-০ গোলে হারিয়েছে তারা। অবশ্য ফর্মে থাকা মিডফিল্ডার মোহাম্মদ সিসোকোর পা ভেঙ্গে যাওয়া বড় ধাক্কা দিয়েছে 'জুভ'দের। তবে র্যামোসের মতোই সেদিনের ম্যাচ মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইছেন ক্লদিও রানিয়েরি। জুভেন্টাস কোচের চিন্তা-ভাবনার পুরোটা জুড়ে শুধুই চেলসি। এবং এই কঠিন পরীক্ষায় পাশ করার জন্য সমর্থকদের সাহায্যও চেয়েছেন তিনি, "আমরা এখন শুধু চেলসিকে নিয়ে ভাবতে পারি। ম্যাচটা কঠিন হবে, আমাদের নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে আর দর্শকদের সমর্থনও দরকার হবে। ইংলিশ দলগুলোর বিপক্ষে দর্শকদের সাহায্য আর সমর্থন একটা বড় ব্যাপার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৭ঘ.
bdnews24