২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানে থাকার 'মূল্য' দিতে হচ্ছে বেকহামকে

চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, এসি মিলান আর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি দুই ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে একটা বিষয়- মৌসুমের শেষ পর্যন্ত ইতালিতে থেকে যাওয়ার জন্য 'মূল্য' দিতে হচ্ছে ডেভিড বেকহামকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

লন্ডন, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি, এসি মিলান আর লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি দুই ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে একটা বিষয়- মৌসুমের শেষ পর্যন্ত ইতালিতে থেকে যাওয়ার জন্য 'মূল্য' দিতে হচ্ছে ডেভিড বেকহামকে। যুক্তরাষ্ট্রের ক্লাব গ্যালাক্সির সঙ্গে চুক্তিবদ্ধ সাবেক ইংল্যান্ড অধিনায়ক বর্তমানে ধারে খেলছেন ইতালিয়ান ক্লাব মিলানে। দু মাসের জন্য রোসোনেরিদের দলে যোগ দেওয়ার পর হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পাওয়া বেকহাম চেয়েছিলেন মিলানে স্থায়িভাবেই থেকে যেতে। মিলানও চেয়েছিল তাকে কিনে নিতে। কিন্তু গ্যালাক্সি তার জন্য আকাশ ছোঁয়া দাম চেয়ে বসায় চুক্তিটা হয়নি শেষ পর্যন্ত। তারপর অনেক দর কষাকষি শেষে ঝামেলা মেটানোর জন্য মেজর লিগ সকার কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পাঁচ দিন আগে রোববার স্থির হয়েছে, মৌসুমের শেষ পর্যন্তই মিলানে থাকবেন বেকহাম। এর ফলে আগামী ৩১ মে সিরি-আ'র শেষ দিন পর্যন্ত মিলানে থাকবেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। তারপর ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলে লস অ্যাঞ্জেলসে ফিরবেন জুলাই মাসে। মেজর লিগ সকারের নতুন মৌসুমের অর্ধেক পেরিয়ে যাবে ততদিনে, এ মৌসুমে গ্যালাক্সির ৩১টি ম্যাচের মধ্যে নিজেদের মাঠের ছটিসহ মোটে ১৩টিতে খেলতে পারবেন তিনি। এই ক্ষতিটা পুষিয়ে নিতে গ্যালাক্সিকে দিতে হচ্ছে 'কয়েক মিলিয়ন ডলার'। গ্যালাক্সি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বেকহাম নিজে এবং মিলান মিলে দিচ্ছেন এই টাকা। এই কথারই প্রতিধ্বনি শোনা গেছে মিলানের মালিক আদ্রিয়ানো গ্যালিয়ানির কণ্ঠেও। ইতালির রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, "অনেক খেলোয়াড়ই দলের প্রতি ভালোবাসার কথা শোনান কেবল মুখে। কিন্তু বেকহাম সেই বিরল খেলোয়াড়দের একজন, যিনি কাজেও সেটা প্রমাণ করেছেন। .. তাকে পকেট থেকে অনেকগুলো টাকা খরচ করতে হয়েছে।" মিলানে থাকার জন্য এমনিতেই বেতন কমে যাওয়া মেনে নিতে হচ্ছে বেকহামকে, তার ওপর চুক্তি করতে টাকা খরচ - এত কিছু কেন মেনে নিচ্ছেন? বেকহাম নিজে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, "সবচেয়ে বড় কারণ অবশ্যই নিজের জন্য ২০১০ সালের বিশ্বকাপে খেলার একটা সুযোগ তৈরি করা। এ জন্য অবশ্য আমাকে সম্ভাব্য সব কিছুই করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০২ ঘ.