২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লটারি ভাগ্যে' সুপার কাপ জিততে চায় শেখ রাসেল

শেখ রাসেল ক্রীড়াচক্র ভাল দল, তবে তাদের দৌড় বড়জোর রানার্স-আপ পর্যন্ত। অন্তত এখন পর্যন্ত প্রতিষ্ঠিত সত্যি এটাই। তবে এবার দলকে আরেক ধাপ ওপরে তুলতে নতুন বিদেশীর সঙ্গে তারা যোগ করেছে 'লটারি-ভাগ্য' প্রবণ ম্যানেজার সালেহ জামান সেলিমকে! তার ভাগ্যে যদি সুপার কাপের কোটি টাকার লটারি জেতা যায়!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ রাসেল ক্রীড়াচক্র ভাল দল, তবে তাদের দৌড় বড়জোর রানার্স-আপ পর্যন্ত। অন্তত এখন পর্যন্ত প্রতিষ্ঠিত সত্যি এটাই। তবে এবার দলকে আরেক ধাপ ওপরে তুলতে নতুন বিদেশীর সঙ্গে তারা যোগ করেছে 'লটারি-ভাগ্য' প্রবণ ম্যানেজার সালেহ জামান সেলিমকে! তার ভাগ্যে যদি সুপার কাপের কোটি টাকার লটারি জেতা যায়! গত কয়েক বছর ধরে বরাবরই শিরোপার জন্য দল গড়ে আসছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শুরুর দিকে শিরোপার দৌড়েও থাকছে তারা, কিন্তু ওই গতিটা ধরে রাখতে পারছে না শেষপর্যন্ত। সদ্য সমাপ্ত বি. লিগেও একই ধারা বজায় রেখে তারা হয়েছে তৃতীয়। সর্বোচ্চ সাফল্য বলতে প্রিমিয়ার লিগে একবার রানার্স-আপ হওয়া। তবে সিটিসেল সুপার কাপেই দুর্ভাগ্যের এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় তারা। তাই দলটিতে এখন বিদেশী খেলোয়াড়ের মিছিল। চার জন মরক্কোর, দুজন সার্বিয়ার। অথচ খেলতে পারবে মাত্র চারজন বিদেশী। কোচ ওয়াজেদ গাজীর জবাব, "এখনো ট্রায়াল চলছে, দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবো।" বোঝাই যাচ্ছে, বরাবরের মতো শেখ রাসেলের বিদেশী নির্ভরতা বজায় থাকছে সুপার কাপে। বাড়তি সংযোজন হচ্ছেন স্বঘোষিত সৌভাগ্যবান ম্যানেজার সালেহ জামান সেলিম। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন ম্যানেজার নিজের লটারি জয়ের প্রসঙ্গ টেনে বলেছেন, "আমার লটারি লেগে যায়। তাই শেখ রাসেল সুপার কাপ জিতেও যেতে পারে। তাছাড়া আমাদের প্রস্তুতিও খুব ভাল।" গত ২২ মার্চ থেকে বিকেএসপিতে দলের অনুশীলন ক্যাম্প করার পর রোববার থেকে প্র্যাকটিস করছে উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে। দলের অধিনায়ক মাহমুদুল হাসানও বলেছেন, "প্র্যাকটিসে খেলোয়াড়রা খুবই আন্তরিক। আমাদের টিম স্পিরিটও ভাল। মনে হয় আমাদের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আছে।" যোগ্যতার মাপকাঠিতে এবার তারা অনেকখানি এগিয়ে। কোচ ওয়াজেদ গাজী তার কারণটা ব্যাখ্যা করেছেন, "লিগে আমাদের স্ট্রাইকার ছিল আলফাজ, সে-ই দলকে টেনে নিয়ে গেছে। এবার তার সঙ্গী হবে মিলো, তাকে প্র্যাকটিসে খুব ভাল লেগেছে আমার।" তার মানে সার্বিয়ান স্ট্রাইকার মিলোনোভিচকে খেলানো নিশ্চিত হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধার গোলরক্ষক মোস্তাক ও আরামবাগের আকরামকে নিয়েছে তারা। এই দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে রাসেলের কোচকে, "এ টুর্নামেন্টের কথা শোনার পর থেকে খেলোয়াড়রা সিরিয়াস। এবার সুপার কাপ জিতে শেখ রাসেল সত্যিকারের বড় দল হিসেবে আভির্ভূত হোক, এটাই আমি চাই।" রাসেলের টার্গেট চ্যাম্পিয়ন হলেও চট্টগ্রাম আবাহনীর চাওয়া সেমিফাইনাল ওঠা। তাদের ম্যানেজার রেদোয়ান কবির বলেছেন, "আমরা বি. লিগে চার-পাঁচ নম্বরে থাকার জন্য নেমেছিলাম কিন্তু পারিনি। এবার নতুন কয়েকজন খেলোয়াড় দলে নিয়ে আমরা সেমিফাইনালে উঠতে চাই।" দেশী সংযোজন দুজন--- আরামবাগের করিম ও খুলনা আবাহনীর শরীফুল। মুক্তিযোদ্ধা থেকে নেওয়া হয়েছে দুই বিদেশী পল ও ভিক্টরকে। এদের নিয়ে চট্টগ্রাম আবাহনী ভাল ফুটবল উপহার দেবে, এমনটাই আশা অধিনায়ক জাহাঙ্গীর আলম মিন্টুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০৫ ঘ.