২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর চোখ কোটি টাকায়, ফরাশগঞ্জের সেমিফাইনালে

কোটি টাকার ফুটবল-জুয়ায় ঢাকা আবাহনী মোহগ্রস্ত হলেও লোভ সংবরণ করে ফরাশগঞ্জ সেমিফাইনালের লক্ষ্য স্থির করেছে। কারণ ফরাশগঞ্জ জানে নিজেরা 'মধ্যমসারির' দল, তারা কেবল আবাহনীর মতো মহশক্তিধরের যাত্রাভঙ্গ করতে পারে। তারপরও কিন্তু শক্তিমানেরই জয় হয়, যেভাবে হয়েছে বি. লিগে। ওই ধারা বজায় রেখে আকাশী-হলুদরা 'প্রথম শিরোপা' জয়ের ইতিহাসটা অটুট রাখতে চায় সুপার কাপেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, ৬ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- কোটি টাকার ফুটবল-জুয়ায় ঢাকা আবাহনী মোহগ্রস্ত হলেও লোভ সংবরণ করে ফরাশগঞ্জ সেমিফাইনালের লক্ষ্য স্থির করেছে। কারণ ফরাশগঞ্জ জানে নিজেরা 'মধ্যমসারির' দল, তারা কেবল আবাহনীর মতো মহশক্তিধরের যাত্রাভঙ্গ করতে পারে। তারপরও কিন্তু শক্তিমানেরই জয় হয়, যেভাবে হয়েছে বি. লিগে। ওই ধারা বজায় রেখে আকাশী-হলুদরা 'প্রথম শিরোপা' জয়ের ইতিহাসটা অটুট রাখতে চায় সুপার কাপেও। তবে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে আবাহনী অধিনায়ক নজরুল ইসলামের পারফরম্যান্সের পাশে। সেটাকে পাশ কাটিয়ে তিনি কোটি টাকার প্রথম সুপার কাপের শিরোপা জয়ে সংকল্পবদ্ধ, "আমার পারফরম্যান্সের বিষয়টা মূল্যায়ন করবেন কোচ। জাতীয় লিগ ও বি. লিগের মতো সুপার কাপের প্রথম শিরোপাটাও আমরা জিততে চাই। এজন্য আবাহনী প্রস্তুত।" বাংলাদেশের ফুটবলের নিকটতম অতীতে নতুন দুটো প্রতিযোগিতা চালু হয়েছে। '৯৯ সাল থেকে জাতীয় ফুটবল লিগ ও ২০০৭ সালে বি. লিগ দুটোরই প্রথম শিরোপা জয়ী আবাহনী সুপার কাপ অধ্যায়টাও শুরু করতে চায় সাফল্য দিয়ে। এ সাফল্যের লাভ বহুমুখী। ইতিহাস ও সম্মানের সঙ্গে আছে কোটি টাকার হাতছানি যা পরের মৌসুমে দল গড়ায় বড় একটা সহায়ও হতে পারে। অর্থকড়ির মোহটা হয়তো সংবাদ সম্মেলনে ভাল শোনায় না, তাই আবাহনী কোচ অমালেশ সেন সম্মানকে বেশি গুরুত্ব দিয়েছেন, "টাকাটা বড় কথা নয়। বি. লিগ চ্যাম্পিয়ন হিসেবে আমাদের জন্য সুপার কাপের শিরোপা জয়টা অনেক বেশি গৌরবের।" দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু গৌরবোদ্ধারের তাগিদটা খেলোয়াড়দের মধ্যে সঞ্চার করেছেন। তাই বি. লিগ শেষে মাত্র কয়েকদিন বিশ্রামের পর তারা সিটিসেল সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিয়ে এসেছে নতুন ঘানাইয়ান মিডফিল্ডার আদজা তেত্তেকে। তাতে বিদেশীর সংখ্যা বেড়ে হয়েছে চার। ম্যাচে খেলানোর ব্যাপারে আবাহনী কোচ আগাম কিছু বলতে চান না, "নতুন বিদেশী এসেছে, আমাদের শক্তি বেড়েছে ঠিক। তবে আমাদের দেশী ফুটবলাররাও খুব ভাল খেলেছে। তাই কখন কাকে খেলাবো, এ নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হচ্ছে।" তবে লিগে ১৭ গোল করা এমেকা ও ডিফেন্ডার সামাদ ইউসিফের ব্যাপারে চিন্তার কোনো সুযোগ নেই, সুপার কাপে নিশ্চিতভাবেই এ দুই বিদেশী আবাহনীর 'অটোমেটিক চয়েস'। দেশী-বিদেশী মিলিয়ে এখন বি. লিগ চ্যাম্পিয়নরাই সুপার কাপের ফেভারিটের তালিকার শীর্ষে। ১১ মার্চ রহমতগঞ্জের সঙ্গে ম্যাচ দিয়ে আবাহনীর অভিযান শুরু হলেও 'এ' গ্র"পে তাদের সামনে বড় বাধা শেখ রাসেল ক্রীড়াচক্র ও চট্টগ্রাম মোহামেডান। তারপর সেমিফাইনাল থেকেই শুরু হবে তাদের আসল লড়াই। অন্যদিকে 'বি' গ্র"প থেকে সেমিফাইনালে ওঠার লক্ষ্য স্থির করেছে ফরাশগঞ্জ। যারা বিদেশী বাদ দিয়ে স্বদেশী ফুটবলারদেরই স্বাগত জানিয়েছে দলে ! এই কোটি টাকার জুয়ায় সবাই যখন বিদেশীদের পেছনে ছুটছে তখন তাদের মাত্র একজন বিদেশী রাখার ব্যাপারটা বড় এক ঘটনা। ফরাশগঞ্জের কোচ কামাল বাবুর ব্যাখ্যা, "লিগে আমরা শুরুর দিকে দেশী খেলোয়াড়দের নিয়ে ভাল খেলছিলাম। কিন্তু মাঝে তিনজন বিদেশী যোগ হওয়ার পর আমাদের খেলাটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এখন শুধু নাইজেরিয়ান লাকিকে রেখেছি। অন্যরা যে মানের ফুটবল খেলে দেশী খেলোয়াড়রা তাদের চেয়ে মোটেও খারাপ খেলে না।" এজন্য বি. লিগের ষষ্ঠ দলটি সুপার কাপ উপলক্ষে তিন দেশী খেলোয়াড় ইমন বাবু, সুজন ও শান্তকে দলে নিয়েছে। তারা দলটিকে চিহ্নিত করছে তারুণ্য নির্ভর বলে। এবং ফরাশগঞ্জ কোচ মেনে নিয়েছেন, "আমরা মধ্যমসারির দল গঠন করেছি। যে দল অঘটন ঘটাতে পারবে এবং আমাদের প্রথম টার্গেট হচ্ছে সুপার কাপের সেমিফাইনাল।" মানে কোটি টাকার মায়াও তাদের ভোলাতে পারেনি। নিজেদের সীমাবদ্ধতার কথা মনে রেখেই ফরাশগঞ্জের অধিনায়ক কবীর হোসেন বলেছেন, "কোটি টাকা পাবো কিনা জানি না, তবে মাঠে ভালো খেলা উপহার দেবো।" বিডিনিউজ ২৪ ডটকম/এসবি/এএআর/২১২৫ঘ.