মাদ্রিদ, ৫ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- বার্সেলোনার দু:সময় কাটছেই না। কিংস কাপের সেমিফাইনাল প্রথম লেগের খেলায় রিয়াল মায়োর্কার বিপক্ষেই শেষ জয়টা পেয়েছিল তারা, তারপর চার ম্যাচ কেটে গেছে জয়হীন। বুধবার কাটলো পঞ্চমটি। সেই মায়োর্কারই বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির দেওয়া গোলে কোনো রকমে হার এড়িয়েছে তারা। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও অবশ্য প্রথম লেগে জয়ের সুবাদে তারাই উঠেছে ফাইনালে।
১৩ মে'র ফাইনালে ক্যাটালানরা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। বুধবারই অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। প্রথম লেগে সেভিয়া ২-১ গোলে জিতলেও সব মিলিয়ে ৪-২ গোলে জিতেছে বিলবাও।
হঠাৎ করেই ফর্ম হারিয়ে ফেলা বার্সেলোনা বুধবার হার এড়িয়েছে ভাগ্যের জোরে। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে গনজালো ক্যাস্ট্রোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে একটা পেনাল্টিও পেয়েছিল মায়োর্কা। কিন্তু হোসে লুই মার্তির নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হোসে ম্যানুয়েল পিন্টো।
ক্যাস্ট্রোকেই নিজেদের সীমানায় ফাউল করে ওই পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি লালকার্ডও দেখেছেন বার্সার ডিফেন্ডার মার্টিন ক্যাসেরেস। একজন বেশি নিয়ে খেলার সুবিধেটা অবশ্য বেশিক্ষণ পায়নি মায়োর্কা, কারণ ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন তাদের ডিফেন্ডার হোসেমি, মেসিকেও ফাউল করার অপরাধে।
৮১ মিনিটে মায়োর্কার ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচে সমতা এনেছেন মেসি।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.
bdnews24