লন্ডন, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ধরে ফেলার আশা জিইয়ে রেখেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসি আর লিভারপুল। মঙ্গলবার পোর্টসমাউথকে ১-০ গোলে হারিয়েছে চেলসি আর লিভারপুল ২-০ গোলে জিতেছে সান্দারল্যান্ডের বিপক্ষে।
এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুদলই আপাতত রয়েছে রেড ডেভিলদের চেয়ে ৪ পয়েন্ট পেছনে। তবে ম্যান ইউ তাদের চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে, আর সেই দু ম্যাচের একটিতে বুধবার তারা নিউক্যাসল ইউনাইটেডকে হারালেই ব্যবধানটা হয়ে যাবে ৭।
মঙ্গলবারের বৃষ্টি ভেজা ম্যাচে চেলসি মোটেই ভালো খেলেনি, তবে দিদিয়ের দ্রগবার গোল শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে তাদের।
লিভারপুলের পক্ষে গোলদুটি করেছেন ডেভিড এনগগ আর ইয়োশি বেনাইয়ুন।
এদিনের অন্য এক ম্যাচে টানা চারম্যাচের গোলখরা কাটিয়ে জয় পেয়েছে পঞ্চম স্থানে থাকা আর্সেনাল। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএইচ/১০৪৪ ঘ.
bdnews24