ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ৫ বছর পর ঢাকায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ! বিস্ময়কর মনে হতে পারে তবে এ ব্যাপারে বাস্তবের অনেক কাছাকাছি পৌঁছে গেছেন বাফুফের বড়কর্তা।
সেই ২০০৩ সালে ঢাকায় হয়েছিল সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। তা-ও ঠিক ফুটবল ফেডারেশনের আয়োজন নয়, দক্ষিণ এশিয় ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাতে স্টেডিয়ামমুখো জনস্রোত তৈরি হয়েছিল, শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফুটবলের ওই জাগরণটা কিন্তু পরে ধরে রাখতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ তাদের অদক্ষতা এবং অক্ষমতা। তারা ঘরোয়া লিগটাও ঠিকমতো করতে পারেনি, সেখানে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট তো দূরতম কল্পনা।
সেই কল্পনা এখন বাস্তবের অনেক কাছে ! কাজী সালাউদ্দিনের কাছে ঘরোয়া ফুটবল হয়ে গেছে নস্যি আর কিঞ্চিত কঠিন ব্যাপার হয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট ! নইলে এই বাফুফে সভাপতি কীকরে অবলীলায় বলে দিতে পারেন, "সুপার কাপ চলাকালীন আমি আন্তর্জাতিক টুর্নামেন্টের ঘোষণা দেবো।" আগামী ৬ মার্চ থেকে অনুষ্ঠেয় সুপার কাপই এক মহা আকর্ষণ। তা শেষ হওয়ার আগেই সভাপতি হাজির হবেন আরেক নতুন আকর্ষণ নিয়ে !
বাফুফে নতুন ক্যালেন্ডারে আন্তর্জাতিক টুর্নমেন্টের সময় হিসেবে নভেম্বর-ডিসেম্বরের কথা উল্লেখ করেছে। ওই সূচীতেই হবে নাকি অন্য কোনো সময়ে তা এখনো চূড়ান্ত করেননি বাফুফে সভাপতি। অবশ্য টুর্নামেন্ট সম্পর্কিত অনেক কিছুই তিনি গোপন রাখতে চাইছেন, ভবিষ্যতের চমকের জন্য। অংশগ্রহণকারী দলগুলোর ব্যাপারে তিনি বলেছেন, "মার্চে এএফসি প্রেসিডেন্টের সঙ্গে এশিয়ার ১২/১৩ দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিরা আসবেন ঢাকায়। তাদের সঙ্গে আলাপ করার পর আমি দল নিয়ে একটা ধারনা দিতে পারবো।"
এখনো টুর্নামেন্টের বিষয়টা অঙ্কুরে থাকলেও কাজী সালাউদ্দিন চাইছেন প্রতিবছর একটি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে, "২০১২ সাল পর্যন্ত বাফুফেতে আমার মেয়াদ। সেই পর্যন্ত আমি এই টুর্নামেন্ট নিয়মিত করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, হেলাফেলার কোনো টুর্নামেন্ট করতে চাই না। টুর্নামেন্ট হবে উঁচুমানের যেন অন্যান্য দলগুলো অংশ নিতে আগ্রহ বোধ করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪০ঘ.
bdnews24