লন্ডন, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে আছে লিভারপুল, কিন্তু নিজেদের মাঠ অ্যানফিল্ড যেন হয়ে উঠেছে অপয়া। রোববার রাতে এ মৌসুমে ষষ্ঠবারের মতো জয়বঞ্চিত হয়ে অ্যানফিল্ডের মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের, আর ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় সুবিধে হয়েছে আগের দিন জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রেড ডেভিলদের ব্যবধান এখন সাত পয়েন্ট।
এদিন অবশ্য আরেকটু হলে নিজেদের মাঠে মৌসুমের প্রথম হারেরই শিকার হতে যাচ্ছিল অলরেডরা। ইনজুরি আর সাসপেনশনের কারণে মধ্যমাঠের দুই তারা স্টিভেন জেরার্ড ও জাভি আলোন্সোকে ছাড়া খেলতে নামা রাফায়েল বেনিটেজের দলকে ৫১ মিনিটে চমকে দিয়েছিলেন তাদেরই প্রাক্তন খেলোয়াড় ক্রেইগ বেলোমি। ৭৮ মিনিটে ডাচ স্ট্রাইকার ডার্ক ক্যাউট সেই গোল শোধ করে দেওয়ায় হার এড়িয়েছে স্বাগতিকরা।
এদিকে রোববার স্প্যানিশ প্রিমেরা লিগার ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই 'বড়' দল ভ্যালেন্সিয়া আর দেপোর্তিভো লা করুনা।
অবশ্য গত কিছুদিন ধরে খারাপ সময় চলতে থাকায় নামেই এখন বড় দল তারা। রোববারের ম্যাচটাও হয়ে থেকেছে সেই দু:সময়ের সাক্ষী। ২৫ মিনিটে দেপোর্ভিতোর ডিফেন্সের হাস্যকর ব্যর্থতায় ব্যাকপাসের বল ছিনিয়ে নিয়ে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নিয়েছিলেন ডেভিড ভিয়া। কিন্তু মৌসুমে নিজের ১৯তম গোলটি করার পর লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ জাতীয় দলের এই তারকাকে। ম্যাচ শেষের ১৪ মিনিট বাকি থাকতে তিনি মাঠ ছাড়ার পর পরই দেপোর্তিভোর পক্ষে সমতাসূচক গোলটি করেছেন পিসকু।
এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইলো ভ্যালেন্সিয়া। শনিবার এস্পানিয়লের কাছে ১-২ গোলে হেরেও ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনাই। তবে রিয়াল বেটিসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে তাদের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ এখন ৫৩। ৪৪ পয়েন্ট নিয়ে সেভিয়া তৃতীয় স্থানে আর ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিলা রিয়াল।
রোববারের অন্য এক ম্যাচে রিয়াল ভ্যালাদোলিদকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মালাগা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪১২ ঘ.
bdnews24