ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এক কোটি টাকার হাতছানিতে ক্লাবগুলো ভাল খেলোয়াড়ের জন্য মরিয়া হয়ে উঠলেও সুপার কাপের জন্য 'বিশেষ দলবদলের' ব্যবস্থা থাকছে না। তবে একেবারে নতুন খেলোয়াড় নিতে কোনো বাধা নেই।
'বিশেষ দলবদলের' বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই বিবেচনায় ছিল। বি. লিগের পর সুপার কাপের আকর্ষণে বড় দলগুলো মাতোয়ারা হওয়ায় বাফুফে দলবদলের একটি বিশেষ ব্যবস্থার কথাও ভেবেছিল। এই ভাবনা এখন উধাও, বরং এক দলের ফুটবলার অন্য দলে খেলতে পারবে না বলে কড়া বিধিনিষেধ আরোপিত হচ্ছে। সুপার কাপ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ বলেছেন, "ইতিমধ্যে দু-তিনটি বড় দলের মধ্যে বিদেশী নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, এক বিদেশী ফুটবলার অন্য দলের কাছ থেকে টাকাও নাকি নিয়েছে। এতে করে পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার একটা আশংকা থাকে। তাই বিশেষ ব্যবস্থার চিন্তা বাদ দিয়ে আমরা এখন বলছি বি. লিগে যে যেখানে খেলেছে তাকে সেখানেই খেলতে হবে।" কিন্তু কোনো দল যদি তার লিগের বিদেশীকে রাখতে না চায়? "তাকে নিজের দেশে ফিরে যেতে হবে অথবা আগামী মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে। আমাদের কিছু করার নেই"---- বলেছেন হারুন।
সেদিক থেকে খানিকটা বিপাকে মোহামেডানের দুই বিদেশী নাইজেরিয়ান বুকোলা ওলালিখান ও মিশরীয় হাজেম খালেদ। কারণ মোহামেডানের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ছিল বি. লিগ পর্যন্ত। লিগ শেষ হয়ে যাওয়ায় তারা স্বভাবতই অন্য ক্লাবে ছোটাছুটি শুরু করেছেন। বিশেষ করে লিগের সর্বোচ্চ স্কোরার বুকোলাকে নিয়েই টানাটানিটা বেশি। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে বাফুফের এই নতুন নিয়ম। মানে খেললে মোহামেডানেই খেলতে হবে এবং দর-দামের সুযোগ নেই তাদের। পাশাপাশি মোহামেডানের সহকারী কোচ ইমতিয়াজ আহমেদ নকীব সুপার কাপের জন্য আরো দুজন নাইজেরিয়ানকে আনার চেষ্টার কথা জানিয়েছেন। হ্যাঁ, দলবদলের সুযোগ না থাকলেও আগে বি. লিগে খেলেনি এমন স্বদেশী কিংবা বিদেশীতে কোনো আপত্তি নেই বাফুফের।
সুপার কাপ উপলক্ষে আবাহনীও আনছে নতুন এক অ্যটাকিং মিডফিল্ডার, নাম আদজা তেত্তে। ঘানার এই ফুটবলারকে সঙ্গে নিয়ে আগামী ২৬ ফেব্র"য়ারি ঢাকায় আসছেন আওদু ইব্রাহিম। ইব্রাহিম বি. লিগ চ্যাম্পিয়নদের পুরনো খেলোয়াড়। আবাহনীর পুরনো বিদেশীদের নিয়ে কোনো সমস্যা নেই, এমেকা, সামাদ ও ইব্রাহিমেরও চুক্তির মেয়াদ আছে মে মাস পর্যন্ত।
শেখ রাসেলের ৫ বিদেশীর সঙ্গেও চুক্তি করা আছে সুপার কাপ পর্যন্ত। তবে ব্রাদার্স ইউনিয়ন নিরুৎসাহী বিদেশীর ব্যাপারে। সুপার কাপে ৫ জন বিদেশীর রেজিস্ট্রেশন এবং একসঙ্গে মাঠে নামতে পারবে ৪ জন, এমন নিয়মের প্রতিবাদ করেছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান। বিদেশী ইস্যুতে তিনি বলেছেন, "বিদেশী কমিয়ে দেশী ফুটবলার খেলার সুযোগ করে দেওয়া উচিত ফেডারেশনের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.
bdnews24