ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একধাপ উন্নতি হয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্রের। সিটিসেল বি. লিগে মঙ্গলবার তারা ২-০ গোলে ফরাশগঞ্জকে হারিয়ে ২০ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে গতবারের চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। সেই চতুর্থস্থানটি দখল করেছে ব্রাদার্স। গতবার পঞ্চম হওয়া দলটি ২-১ গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে ২০ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠেছে। আর এ ম্যাচের শেষবাঁশির মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে সিটিসেল বি. লিগের ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা ফরাশগঞ্জ (২০ ম্যাচে ২৬) খেলেছে নিজেদের পুরনো কৌশলে। সেটা হচ্ছে প্রথমার্ধে রক্ষণাত্মক থেকে গোল না খাওয়া এবং প্রতিপক্ষকে একটু ক্লান্ত করে ফেলা। কিন্তু ক্লান্ত হয়নি শেখ রাসেল। তার প্রমাণ দ্বিতীয়ার্ধে চড়াও হতে গিয়ে ফরাশগঞ্জ খেয়ে বসে দুই গোল।
৭১ মিনিটে প্রথম গোলটি করেছেন শেখ রাসেলের রাজন। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন আলফাজ আহমেদ। বাঁদিক থেকে রাজনের ক্রসে ডান পায়ের এক বুলেট গতির শটে ফরাশগঞ্জের গোলরক্ষক সুজনকে পরাস্ত করে নিজেকে তুলে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে। সর্বোচ্চ গোলদাতা বুকোলার (১৮ গোল) পর ১৭ গোল করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন আলফাজ আহমেদ ও ক্রিশ্চিয়ান এমেকা।
লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে। বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেছেন মতিউর মুন্না ও রনি ইসলাম। চট্টগ্রাম মোহামেডানের একমাত্র গোলটি করেছেন রাফায়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24