মিলান, ১৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এসি মিলানের সঙ্গে তিনি দীর্ঘ দিন ধরে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। ১৯৭৮ সালে মিলানের যুব এবং ৬ বছর পর মূল দলে যোগ দেয়ার পর কখনোই অন্য কোথাও যাননি পাওলো মালদিনি। এসি মিলানের বহু সুখ-দুঃখ, উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতার সাক্ষী মালদিনির জীবনের শেষ মিলান-ডার্বির স্মৃতি কিন্তু সুখকর হলো না। তবে সেজন্য সবচেয়ে বেশি দায়ী রেফারি ও তার সহকারীরা। রোববার আদ্রিয়ানোর এক বিতর্কিত গোলে ইন্টার মিলানের ২-১ ব্যবধানে 'ডার্বি' জয়ে তাদের ভূমিকাই তো সবচেয়ে বড়! আর এই হারে এসি মিলানের ইতালিয়ান সিরি 'আ'র শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নও প্রায় শেষ।
দর্শকে ঠাসা, উত্তেজনা আর রোমাঞ্চে ভরা সানসিরোতে বিতর্কের সূত্রপাত ২৮ মিনিটের সময়। মাইকনের ক্রস থেকে আদ্রিয়ানো বল মিলানের জালে ফেললেও টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে গোলটা হাত দিয়ে করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার! বিরতির মিনিট তিনেক আগে মিডফিল্ডার ডেজান স্ট্যানকোভিচের মাধ্যমে ইন্টারের দ্বিতীয় গোল প্রাপ্তি।
দুই গোলে পিছিয়ে পড়া মিলান ৭০ মিনিটে ব্যবধান কমিয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাতোর লক্ষ্যভেদে। কিন্তু পরাজয় এড়াতে পারেনি। শেষ দিকে একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে গোল করেছিলেন বদলি হিসাবে নামা ফিলিপ্পো ইনজাগি। কিন্তু অফসাইডের কারণে গোলটা বাতিল করে দেন রেফারি।
আর তাই ২০০৪ সালের পর মিলানের 'স্কুডেট্টো' (ইতালিয়ান লিগের শিরোপা) জয়ের আশা অনেকটাই ধূসর। ২৪ রাউন্ডশেষে ৪৫ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ইন্টারের সংগ্রহ ৫৬ পয়েন্ট। সিরি 'আ'র বাকি আর ১৪ রাউন্ড।
নিজেদের জয়ের পাশাপাশি রোববার ইন্টারের জন্য আরেকটা বড় সুখবর জুভেন্টাসের হোঁচট খাওয়া। তিন তিন বার বল পোস্টে লাগানোর মাশুল দিয়ে জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে সাম্পদোরিয়ার সঙ্গে। ৪৭ পয়েন্ট নিয়ে 'জুভ'দের অবস্থান দ্বিতীয়। চতুর্থ স্থানে থাকা ফিওরেন্টিনার পয়েন্ট ৪২। রোববার ০-৩ এ পিছিয়ে পড়েও আদ্রিয়ান মুটুর দারুণ এক হ্যাটট্রিকে তারা ৩-৩ গোলে ড্র করেছে জেনোয়ার সঙ্গে। জেনোয়া অবশ্য প্রায় এক ঘন্টা ১০ জন নিয়ে খেলেছে। তবে এক জন কম নিয়েও ৫৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ৬০, ৮০ এবং একেবারে শেষ মুহূর্তে মুটুর গোল এক পয়েন্ট এনে দিয়েছে ফিওরেন্টিনাকে।
এদিকে চেলসির পর ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটন। রোববার পঞ্চম রাউন্ডে ম্যানইউ ৪-১ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টিকে। ইংলিশ চ্যাম্পিয়নদের চার গোলদাতা ন্যানি, গিবসন, রোনালদো ও ওয়েলবেক। আর এভারটন ৩-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24