২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডটা এখন রাউলের একার

রিয়াল মাদ্রিদের পক্ষে সবচেয়ে বেশি গোলের মালিক এখন রাউল! রোববার দুবার লক্ষ্যভেদ করে আর্জেন্টাইন গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোকে রিয়ালের 'ঘরের ছেলে' শুধু পেছনেই ফেলে দেননি, দলকে এনে দিয়েছেন ৪-০ গোলের বিশাল এক জয়ও। স্পোর্টিং গিজনের বিপক্ষে যে জয়ের সুবাদে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২ থেকে ১০-এ নামিয়ে এনেছে গত দুবারের চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

মাদ্রিদ, ১৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদের পক্ষে সবচেয়ে বেশি গোলের মালিক এখন রাউল! রোববার দুবার লক্ষ্যভেদ করে আর্জেন্টাইন গ্রেট আলফ্রেডো ডি স্টেফানোকে রিয়ালের 'ঘরের ছেলে' শুধু পেছনেই ফেলে দেননি, দলকে এনে দিয়েছেন ৪-০ গোলের বিশাল এক জয়ও। স্পোর্টিং গিজনের বিপক্ষে যে জয়ের সুবাদে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২ থেকে ১০-এ নামিয়ে এনেছে গত দুবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর আগে ৩০৭টি গোল নিয়ে ডি স্টেফানোর পাশে থাকা রাউল রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে সময় নিয়েছেন মাত্র ১৫ মিনিট। গিজনের মাঠ মোলিননে সার্জিও র‌্যামোসের ক্রস থেকে অধিনায়কের গোলে এগিয়ে যাওয়ার পর আর রিয়ালকেও পেছন ফিরে তাকাতে হয়নি। বিরতির ঠিক আগে গঞ্জালো হিগুয়েইনের ফ্লিক থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের নবাগত ডাচ স্ট্রাইকার ক্লাস জ্যান হান্টেলার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। রিয়ালের বাকি দুই গোলেও বড় ভূমিকা আর্জেন্টাইন ফরোয়ার্ড হিগুয়েইনের। দ্বিতীয়ার্ধের শুরুতে তার ব্যাক হিল ধরে দলকে ৩-০তে এগিয়ে দিয়েছেন ব্রাজিলের মার্সেলো। নয় বারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের শেষ গোলটা অবশ্য প্রতিপক্ষ গোলকিপারের উপহার! ৭৬ মিনিটে হিগুয়েইনের শট ইনাকি লাফুয়েন্তের দু পায়ের ফাঁক দিয়ে রাউলের কাছে এলে আলতো টোকায় বল জালে জড়িয়ে রিয়ালের পক্ষে ৩০৯তম গোলের আনন্দে মেতে ওঠেন তিনি। টানা অষ্টম জয় পাওয়ায় ২৩ ম্যাচ থেকে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সংগ্রহ ৫০ পয়েন্ট। আগের দিন রিয়াল বেটিসের সঙ্গে ড্র করা বার্সেলোনা তাদের চেয়ে এখনো ১০ পয়েন্টে এগিয়ে। ব্যবধানটা বিশাল বলেই বড় জয় পেয়েও রিয়ালের কোচ হুয়ান্দে র‌্যামোসের কণ্ঠে তৃপ্তির চেয়ে সতর্কতার ছোঁয়াই বেশি, "আমরা (বার্সেলোনার) আরেকটু কাছাকাছি এসেছি। কারণ আমরা ২ পয়েন্টের ঘাটতি কমিয়েছি। কিন্তু (শিরোপা) এখনো অনেক কঠিন লক্ষ্য। আসলে এটা আমাদের হাতের মধ্যে নেই। আমাদের শুধু অপেক্ষা করতে হবে আর দেখতে হবে কী ঘটে।" স্প্যানিশ লিগের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ ৬ মিনিটে ফ্রেডেরিক কানুটের করা দুই গোলে এসপানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। ভ্যালেন্সিয়া ও ভিলারিয়াল দুদলেরই সংগ্রহ ৩৮ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে আছে ভ্যালেন্সিয়া। রোববার ভিলারিয়াল ১-১ গোলে ড্র করেছে রেসিং সানতান্দারের সঙ্গে। আগের দিন ভ্যালেন্সিয়াকেও ১-১ গোলেই রুখে দিয়েছিল মালাগা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৫৫ঘ.