২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চাইছেন সালাউদ্দিন

ফিফার কাছে পাঠানো এক উড়ো চিঠিতেই উত্তপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই এখন লাখ টাকার প্রশ্ন, চিঠিটি কে বা কারা পাঠিয়েছে। এটা জানা যেমন জরুরি তেমনি বাফুফে সভাপতি চাইছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও তদন্ত হোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 04:38 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- ফিফার কাছে পাঠানো এক উড়ো চিঠিতেই উত্তপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই এখন লাখ টাকার প্রশ্ন, চিঠিটি কে বা কারা পাঠিয়েছে। এটা জানা যেমন জরুরি তেমনি বাফুফে সভাপতি চাইছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও তদন্ত হোক। ফুটবলের মরা গাঙে যখন জোয়ার আসতে শুরু করেছে ঠিক তখনই এই চিঠি কাজী সালউদ্দিনকে 'ভীষন মর্মাহত' করেছে। বাফুফের দায়িত্ব নিয়েই যে সভাপতি অবিশ্বাস্যভাবে সাড়ে ১৬ কোটি টাকার স্পন্সর এনে ফুটবলকে জাগিয়ে তোলার ব্রত নিয়েছেন তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে ফিফা'য় ! সঙ্গত কারণে বিষয়টা তিনি বাফুফের কার্যনির্বাহী কমিটিতে তুলবেন এবং কমিটির মতামতের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। ফিফার কাছে অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতে নতুন কোনো ঘটনা নয়। সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি বাফুফের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত মাঠের ফুটবল বাদ দিয়ে ফিফা-এএফসিতে শুধু চিঠি চালাচালিই হতো। এখন প্রেক্ষাপট ভিন্ন হলেও এই অপসংস্কৃতি দূর হয়ে যায়নি। তবে এবারের চিঠিতে কারো নামোল্লেখ নেই। যেটা ফিফার দক্ষিণ এশীয় অঞ্চলের ডেভলপমেন্ট অফিসার মনিলাল ফার্নান্দো বাফুফে সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বিবেচনার জন্য। গত ১১ ফেব্র"য়ারি সালাউদ্দিনের হাতে পাওয়া এই চিঠির মূল সুর হচ্ছে, "সভাপতি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেন।" তাতে লেখা হয়েছে, "বাফুফে সভাপতি নিজেই সিদ্ধান্ত নেন যা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের সঙ্গে মেলে না।" চিঠির চতুর্থ প্যারায় স্বজনপ্রীতির অভিযোগ, "সভাপতি আমেরিকা প্রবাসী একজনকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন । যদিও তার এএফসি কেচিং লাইসেন্স নেই। কিন্তু সভাপতি তাকে পছন্দ করেন বলেই নিয়োগ দিয়েছেন।" এই টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সহিদুর রহমান সান্টু। জাতীয় দলের হয়ে ৬৬ ম্যাচ খেলা বাংলাদেশের এই সাবেক গোলরক্ষক আমেরিকায় ফুটবল কোচিংয়ের সঙ্গে জড়িত। সেখান থেকে বাফুফে সভাপতি তাকে দেশে নিয়ে এসেছেন। সভাপতির জবাব, "টেকনিক্যাল ডিরেক্টর হতে গেলে এএফসি লাইসেন্স কোর্স লাগবে, এরকম কোনা বাধ্যবাধকতা নেই।" এছাড়াও বাফুফের গঠনতন্ত্রের বাইরে গিয়ে ১১ সদস্যের জরুরি কমিটি গঠনের অভিযোগ করা হয়েছে চিঠিতে। আসলে জরুরি কমিটি হয়েছে ১০ সদস্যের। গঠনতন্ত্রে তার আয়তন ৭ সদস্যের বলে উল্লেখ আছে। বাফুফে সভাপতির জবাব, "এটা তো আমরা কংগ্রেসে পাস করিয়ে নেবো, এমনই পরিকল্পনা ছিল।" এছাড়া সভাপতির বিরুদ্ধে খেলোয়াড়ী জীবনে কারাগারে থাকার পুরনো ইস্যু আবার অভিযোগ আকারে লেখা হয়েছে চিঠিতে। যে ইস্যু বাফুফের নির্বাচনের সময় নিষ্পত্তি হয়েছে সেটা আবার তোলা হয়েছে ! এসব দেখে স্বাভাবিকভাবেই বাফুফে সভাপতি হতাশ হয়েছেন, "এতে করে দেশ ও ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যা কিনা ফুটবলকে যারা সাহায্য-সহযোগিতা করে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে। " এজন্য সালাউদ্দিন বিষয়টাকে গোপন না রেখে ব্যাপারটার নিষ্পত্তি করতে চাইছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোরও তিনি তদন্ত করতে চাইছেন, "আমার মনে হয়, জাতির কাছে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। তাই এসব পর্যালোচনা করবে তদন্ত কমিটি। আমার বিরুদ্ধে করা অভিযোগ এবং যে বা যারা এই চিঠি পাঠিয়েছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা করবে তদন্ত কমিটি। তার আগে পুরো বিষয়টা আমি কমিটির সভায় তুলতে চাই।" তবে এর পেছনে কারা জড়িত বা কাদের তিনি সন্দেহ করছেন তা বলতে চাননি। "আমি কমেন্ট করলে তদন্ত করা কঠিন হয়ে যাবে। তাই এখনই আমি কিছু বলতে চাই না"---- বলেছেন সালাউদ্দিন। তবে চিঠির শেষের প্যারায় আরো তথ্য জানার জন্য ফিফা কর্মকর্তা মনিলাল ফার্নান্দোকে বাফুফের সাবেক সভাপতির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তবে কোন্ সাবেক সভাপতির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে, সেটা স্পষ্ট নয়! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২২ঘ.