লন্ডন, ১১ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জল্পনামতো গাস হিডিংকই হলেন চেলসির নতুন কোচ। বুধবার ডাচ এই কোচকে এই মৌসুমের শেষ পর্যন্ত দলের কোচের দায়িত্ব দেয়ার ঘোষণা দিয়েছে লন্ডনের এই ক্লাবটি। হিডিংক একইসঙ্গে চেলসি এবং রাশিয়া জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।
ব্রাজিলিয়ান লুই ফেলিপে স্কলারির বিদায়ের পর থেকেই ভাসছিল হিডিংকের নাম। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল এই কোচকে নিয়োগের ব্যাপারে বাধা ছিল একটাই, তিনি বর্তমানে রুশ জাতীয় দলের দায়িত্বে। কিন্তু মঙ্গলবার তারা তাকে চেলসির দায়িত্ব নেয়ার অনুমতি দিলে দূর হয়ে যায় সব সংশয়। চেলসি জানিয়েছে, তিনি একইসঙ্গে দুটো দায়িত্বই পালন করবেন। এ বিষয়টা একটু ব্যতিক্রমী হলেও হিডিংকের জন্য এটা নতুন অভিজ্ঞতা নয়। এর আগে ২০০২ থেকে ২০০৬ পর্যন্ত এ্কইসঙ্গে তিনি অস্ট্রেলিয়া এবং ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে কোচিং করিয়েছেন। আইন্দহোভেন সেই চার বছরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল, আর অস্ট্রেলিয়া ৩২ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। ২০০৮ ইউরো চ্যাম্পিয়নশিপে রাশিয়াকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। এর আগে ২০০২ বিশ্বকাপে তার কোচিংয়ে দক্ষিণ কোরিয়া তৃতীয় হয়েছিল।
চেলসি কোচ হিসেবে তার প্রথম পরীক্ষা ২১ ফেব্র"য়ারি, সেদিন প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৪৫ঘ.
bdnews24