প্যারিস/রোম, ৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠে নামার আগেই রেমন্ড ডমেনেখ মন্ত্রমুগ্ধ, সম্মোহিত! ফ্রান্স কোচের সমস্ত মুগ্ধতা দুজন আর্জেন্টাইন 'গ্রেট'কে ঘিরে। তাদের একজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। অন্যজন এই সময়ের অন্যতম সেরা লিওনেল মেসি। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা) মার্সেইয়ে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ডমেনেখের উচ্ছ্বাসের প্রায় সবটুকু ঘিরে দুই 'এম' --- ম্যারাডোনা এবং মেসি।
ফ্রান্স-আর্জেন্টিনা লড়াইয়ের ২৪ ঘন্টা আগেই অবশ্য আরেকটা রোমাঞ্চকর ম্যাচের প্রেক্ষাপটে ফুটবলপ্রেমীদের উদ্বেলিত হওয়ার কথা। মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ২টা) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠেয় যে ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সামনে দাঁড়াবে রেকর্ড ৫ বার বিশ্বকাপজয়ী ব্রাজিল।
'ইউরো ২০০৮' একদমই ভালো কাটেনি ফ্রান্সের। ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ায় 'লা ব্লুজ'-এর কোচ এখন দলকে নতুনভাবে সাজাতে ব্যস্ত। কিন্তু আর্জেন্টিনার সামনে দাঁড়ানোর আগে ডমেনেখের ইউরোর হতাশাজনক পারফরম্যান্সের দুঃখবোধ অনেকটাই উধাও! তিনি বরং ম্যারাডোনা আর মেসির 'জাদু'তেই বেশি আচ্ছন্ন। নিজেকে ম্যারাডোনার বিরাট ভক্ত দাবি করে ফ্রান্স কোচের শ্রদ্ধাঞ্জলি, "প্রত্যেকের মতোই তার খেলা দেখে স্বপ্নে আচ্ছন্ন হতাম আমি। এমনকি কোচ হিসাবে তার মুখোমুখি হওয়ার সময়ও অনুভূতিটা পাল্টে যাচ্ছে না। তিনি একজন নবীন কোচ। তার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে আমি খুশিই হবো।"
এবারের স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় ১৯ ম্যাচ খেলে ১৬ গোল করা মেসির সম্পর্কেও ডমেনেখ সমান উচ্ছ্বসিত। বার্সেলোনা-তারকার প্রশংসা করে তার মন্তব্য, "সে (মেসি) একজন ব্যতিক্রমী প্রতিভা। বার্সা এবং আর্জেন্টিনার পক্ষে সে কী কী করতে সক্ষম আমরা তা দেখেছি। সে একাই যে কোনো ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে। আমরা তাই একজন অসাধারণ খেলোয়াড়ের মুখোমুখি হতে যাচ্ছি। সর্বোচ্চ পর্যায়ে আমরা লড়াই করতে পারি কি না এই ম্যাচে সেটাই বোঝা যাবে।"
ম্যারাডোনার অধীনে এটা হতে যাচ্ছে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে। গত নভেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভসূচনা করা আর্জেন্টাইন 'ফুটবল-ঈশ্বর' এই ম্যাচের জন্য ডেকেছিলেন হুয়ান সেবাস্টিয়ান ভেরনকে। গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলে খেলা ভেরন অবশ্য এই ম্যাচে খেলতে পারছেন না। গত শনিবার আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের পক্ষে একটি ম্যাচে উরুর পেশিতে টান পড়ায় ফ্রান্সের সঙ্গে মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার।
ব্রাজিল দলও ইনজুরি সমস্যায় আক্রান্ত। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাদের সমস্যা বরং আরো বেশি। শনিবার ইতালিয়ান সিরি 'আ'তে রেজ্জিনার সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েছেন কাকা। ২০০৭এর ফিফা বর্ষসেরা ফুটবলার ইতালির বিপক্ষে তো বটেই, আগামী রোববার মিলান 'ডার্বি' নামে পরিচিত এসি মিলান-ইন্টার মিলান ম্যাচেও খেলতে পারবেন না।
বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইয়ের আগে ব্রাজিলিয়ানদের জন্য আরেকটা দুঃসংবাদ আমাউরিকে না পাওয়া। ইনজুরিতে পড়া লুই ফ্যাবিয়ানোর শূন্যস্থান পূরণের লক্ষ্যে এই ম্যাচের জন্য আমাউরিকে দলে রেখে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছিলেন ব্রাজিল কোচ ডুঙ্গা। কিন্তু অনুরোধটা দেরিতে আসার অজুহাতে আমাউরিকে ছাড়তে রাজি হয়নি তার দল জুভেন্টাস।
ডুঙ্গাকে তাই ভরসা করতে হচ্ছে আলেকজান্দ্রে পাতোর ওপরে। এসি মিলানে কাকার সতীর্থ ১৯ বছর বয়সী পাতো গত মার্চে এমিরেটস স্টেডিয়ামেই সুইডেনের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে গোল করে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন। কিন্তু তার পর থেকেই জাতীয় দলের জার্সি গায়ে তিনি অনেকখানি নি
bdnews24