ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- বি. লিগের শিরোপা নির্ধারণ হয়ে গেছে। এখন দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াই চলছে। সেখানেও ব্রাদার্স ইউনিয়ন তেমন সুবিধাজনক অবস্থানে নেই। তবে শনিবার রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন । এই জয়ের পর ১৮ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে চতুর্থস্থানে। তাদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল। আর রহমতগঞ্জের সংগ্রহ ১৮ খেলায় ২১ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ জিততেও অনেক বেগ পেতে হয়েছে ব্রাদার্সকে। ১২ মিনিটে তপুর গোলে এগিয়ে যাওয়ার পর ২৫ মিনিটে ফ্রান্সিস সেই গোল শোধ করে ম্যাচে ফিরিয়ে আনেন রহমতগঞ্জকে। ৩৭ মিনিটে মিশু করে আবারো এগিয়ে দেন ব্রাদার্সকে। কিন্তু সেটাও ধরে রাখতে পারেনি তারা ডিফেন্সের ভুলে, উপহার দেওয়া পেনাল্টি থেকে ৭৫ মিনিটে রহমতগঞ্জের ইদ্রিস গোল করে সমতা আনেন ম্যাচে। তার মিনিট দুয়েক পরে শাকিল আহমেদ গোল করেন এবং তারপর থেকে ব্রাদার্সের খেলোয়াড়রা ডিফেন্সে কড়া পাহারা বসিয়ে ওই গোল ধরে রেখে পুরো ৩ পয়েন্ট নিশ্চিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০২ ঘ.
bdnews24