লন্ডন, ৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের অবস্থা তেমন ভালো নয়। একের পর এক পয়েন্ট নষ্ট করার মাশুল দিয়ে তারা নেমে গেছে লিগ টেবিলের পঞ্চম স্থানে। এমন হতাশাজনক সময়ে একটা সুখবর পেয়েছে 'গানার' সমর্থকরা। মঙ্গলবার জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে আর্সেনালে যোগ দিয়েছেন 'ইউরো ২০০৮'এ দারুণ পারফর্ম করা রুশ ফরোয়ার্ড আন্দ্রেই আরশাভিন।
গত মৌসুমে জেনিথের উয়েফা কাপ জয়ের অন্যতম নায়ক আরশাভিনের চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি সম্পর্কে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বৃটিশ মিডিয়া জানিয়েছে সাড়ে তিন বছরের চুক্তিতে ২১.৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছেন তিনি।
গোল করা ও করানো দুই ভূমিকাতেই পারদর্শী এবং ড্রিবলিংয়ে দক্ষ আরশাভিনকে দলে পেয়ে দারুণ খুশি আর্সেন ওয়েঙ্গার। ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আর্সেনাল কোচের সেই আনন্দই প্রতিফলিত হয়েছে, "আন্দ্রেই আরশাভিনকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমি বহুদিন ধরেই তার প্রশংসা করছি। সে অভিজ্ঞতায় ঋদ্ধ একজন কুশলী খেলোয়াড়।"
'গানার'দের দলে যোগ দিতে পেরে আরশাভিন নিজেও আনন্দিত, "আমার জন্য এটা একটা কঠিন দিন। তবে এখন এটা কোনো ব্যাপার নয়। কারণ এখন আমি এক জন গুনার (আর্সেনালের ভক্ত)। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
আগামী রোববার টটেনহাম হটস্পারের বিপক্ষে আর্সেনালের জার্সি গায়ে অভিষেক হতে পারে আরশাভিনের। তবে 'লন্ডন ডার্বি' নামে পরিচিত ম্যাচটিতে খেলতে পারবেন কি না সে ব্যাপারে তিনি ঠিক নিশ্চিত নন। গত নভেম্বরে রুশ ফুটবল মৌসুম শেষ হওয়ার পর থেকে মাঠের বাইরে থাকায় নিজের ম্যাচ ফিটনেস নিয়ে সংশয়াচ্ছন্ন আরশাভিনের মন্তব্য, "এই মুহূর্তে আমি ফিট নই। তবে আমি খেলতে পারবো নাকি পারবো না সেই সিদ্ধান্ত নেবেন আর্সেন (ওয়েঙ্গার)।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১৪ঘ.
bdnews24