ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- শিরোপার পথে শেষ কাঁটাটি উপড়ে ফেলে আবাহনী দ্বিতীয় বি. লিগ শিরোপা-উৎসবের অপেক্ষায়। অবশ্য প্রাক শিরোপা-উৎসব তারা আগেই শুরু করে দিয়েছিল গত ম্যাচে ঢাকা মোহামেডানকে হারিয়ে। সোমবার ব্রাদার্সকে ৩-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে আবাহনীর খেলোয়াড়রা সমস্বরে গান গেয়ে শিরোপার আবাহন শুরু করেছেন। আগে যে উদযাপনটা দেখা যেতো গ্যালারিতে এবার সেই গ্যালারি প্রায় শূন্য এবং বিবর্ণ। তাই ফুটবল খেলাটা হয়ে গেছে শুধু ফুটবলারদের, তারাই খেলবে এবং তারাই বিজয় উদযাপন করবে।
এবার লিগের এই দর্শক-খরার জন্য লিগ কমিটির দিকেই আঙ্গুল তুলছেন অনেকে। গত ৬/৭ বছরে দর্শকরা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেখানে এবার লিগ কমিটি করেছে বিদঘুটে এক ফিকশ্চার। আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে না দিয়ে লিগের মাঝপথে দেওয়াসহ আরো নানা প্রশ্ন আছে এই ফিকশ্চার নিয়ে। এএফসি ফরম্যাটের দোহাই দিয়ে লিগ কমিটি আত্মপক্ষ সমর্থন করলেও শূন্য গ্যালারি প্রশ্ন তুলছে। লিগ-শিরোপা নিশ্চিত হওয়ার মুহূর্তেও কেন মাঠে আসছে না আবাহনী সমর্থকরা ? আবাহনী-মোহামেডান ম্যাচ আগেভাগে হয়ে যাওয়ায় তারা কী উত্তেজনা অনুভব করছে না ?
দুটো ম্যাচ হাতে থাকতেই ঢাকা আবাহনী ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শিরোপার একেবারে দ্বারপ্রান্তে। আর মাত্র ১ পয়েন্ট হলেই নিশ্চিত হয়ে যায় নীল-আকাশীদের লিগ চ্যাম্পিয়নশিপের মুকুট। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে থাকা মোহামেডান ও শেখ রাসেলের শিরোপা-স্বপ্ন একেবারে মুছে গেছে বলাই যায়। তাই আবাহনী কোচ অমলেশ সেন প্রাণখুলে হাসতে পারছেন। বড় গলা করে বলছেন, "চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের কেবল এক পয়েন্ট দরকার। তবে খেলবো ম্যাচ জেতার জন্যই। আজ (সোমবার) যেভাবে ব্রাদার্সকে হারিয়েছি সেভাবে বাকি দুটো ম্যাচ জিতেই আমরা চ্যাম্পিয়ন হতে চাই।" সপ্তাহ দুয়েক আগেও ছোট-খাটো দল নিয়েও যিনি দুশ্চিন্তায় থাকতেন সেই তিনি এখন শেখ রাসেল, রহমতগঞ্জের মতো দলকে তেমন পাত্তা দিচ্ছে না। অথচ আবাহনী লিগ শুরু করেছিল রহমতগঞ্জের কাছে হেরে।
হেরেছিল ব্রাদার্সের কাছেও। সোমবার সেই শোধ নিয়েছে আবাহনী বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক হিসেবি ম্যাচ খেলে। শুরু থেকেই তারা সতর্ক, কোনোভাবেই প্রতিপক্ষকে নিজেদের ডিফেন্সে ওঠার সুযোগ দেওয়া যাবে না। এতে করে কমে গেছে নিজেদের আক্রমণের ধারও। ৩০ মিনিটের পর থেকে যেন তারা একটু গা ঝাড়া দিয়ে উঠে। আবাহনীর পরপর দু-দুটো আক্রমণ ভেস্তে গেছে ব্রাদার্সের গোলরক্ষক জিয়াউর রহমানের নৈপুন্যের কারণে। কিন্তু ৩৫ মিনিটে গিয়ে তিনি আত্মসমর্পন করতে বাধ্য হয়েছেন। কারণ ডিফেন্ডারদের ব্যর্থতা। লেফট ব্যাক ওয়ালী ফয়সালের চমৎকার এক ক্রসে হেড করে গোল করেন এমেকা। ৪৫ মিনিটেও ব্রাদার্স ডিফেন্ডারদের অফসাইডের ফাঁদ টপকে গোল করেছেন আবুল। ইব্রাহিমের থ্রু আয়ত্তে নিয়ে এই মিডফিল্ডার আগুয়ান গোলরক্ষক জিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দিয়ে আবাহনীকে নিয়ে গেছেন নিশ্চিন্ত অবস্থানে।
দুই গোলের পর ব্রাদার্সের ম্যাচে ফেরা যেমন কঠিন তেমনি তাদের শরীরি ভাষায়ও ছিল না ফেরার তাড়না। ম্যাচ শেষে ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল বলেছেন, "শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়ার পর বোধহয় তারা অনুপ্রেরণা হারিয়ে ফেলেছে। এমনিতে স্ট্রাইকিং জোনে আমাদের দূর্বলতা আছে, তাছাড়া আবাহনীর সঙ্গে আমাদের অন্য বিভাগগুলোও খেলতে পারেনি নিজেদের সামর্থ্য অনুযায়ী।" যারা প্রথম লেগে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছিল তারা এই ম্যাচে বলার মতো কোনো সুযোগই পায়নি। উল্টো আবাহনীর সুযোগ ঠেকাতে ক্লান্ত গোলরক্ষক জিয়াকে আহত হয়ে শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে। মাথায় চোট পাওয়া এই গোলরক্ষককে হাসপাতালেও নেওয়া হয়েছে পরে।
জিয়ার পরিবর্তে শাকিল নেমেও গোল পোস্ট আগলে রাখতে পারেননি। পারেননি ডিফেন্ডার শুভ্র-আরিফুলরাও। ৮৬ মিনিটে তাদের মাঝ দিয়ে বল নিয়ে ঢুকে এমেকা ব্রাদার্স গোলরক্ষক শাকিলকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন। এবং প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নেয় আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24