২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোঁচট খেল ইন্টার, বেকহামের মিলানের জয়

লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ধারে খেলতে এসে মিলানে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন ডেভিড বেকহাম। রোববারও এসি মিলানের জয়ে প্রধান ভূমিকা ছিল তার। নিজে গোল করেননি, তবে লাৎসিওর বিপক্ষে মিলানের ৩-০ গোলের জয়ে প্রথম দুটি গোলেরই উৎস ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

মিলান, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ধারে খেলতে এসে মিলানে দারুণ উজ্জ্বলতা ছড়াচ্ছেন ডেভিড বেকহাম। রোববারও এসি মিলানের জয়ে প্রধান ভূমিকা ছিল তার। নিজে গোল করেননি, তবে লাৎসিওর বিপক্ষে মিলানের ৩-০ গোলের জয়ে প্রথম দুটি গোলেরই উৎস ছিলেন তিনি। এই জয়ে জুভেন্টাসকে পেছনে ফেলে সিরি-আ'র পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিলান। এদিনই আবার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইন্টার মিলান তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় তাদের সাথে ব্যবধানও খানিকটা কমেছে। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারপরও অবশ্য ইন্টার এগিয়ে রয়েছে ৬ পয়েন্টের ব্যবধানে। রোববার স্যানসিরোতে ইন্টার মিলানকে চমকে দিয়েছিলেন তুরিনোর রোনালদো বিয়াঞ্চি। বিরতির পর পরই তার গোলে এগিয়ে গেলেও অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা, ৫৬ মিনিটে গোল করে ইন্টারকে সমতায় ফিরিয়েছেন ডিফেন্ডার নিকোলাস বুরদিসো। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগকে কাঁপালেও আর গোলের দেখা পায়নি গতবারের চ্যাম্পিয়নরা। রোমের অলিম্পিক স্টেডিয়ামে মিলানের হয়ে তিনটি গোল করেছেন আলেকসান্দর পাতো, মাসিমো আমব্রোসিনি আর কাকা। ৪২ মিনিটে পাতোর গোলটি এসেছে বেকহামের বাড়িয়ে দেওয়া ক্রস থেকে, আর দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া একটি ফ্রি কিক থেকে সাবেক ইংল্যান্ড অধিনায়ক গড়ে দিয়েছেন আমব্রোসিনির করা দ্বিতীয় গোলটির উৎস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৫ ঘ.