২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও ব্রাদার্সের বিপক্ষে ভীষণ সতর্ক আবাহনী

তাড়াহুড়ো নয়। শিরোপার দুয়ারে দাঁড়িয়ে সব রাস্তা খোলা দেখেও আবাহনী সতর্ক। কারণ শিরোপা-স্বপ্ন হারানো ব্রাদার্স ইউনিয়নের নতুন করে হারানোর কিছু নেই, জিতলে বরং প্রাপ্তির সঙ্গে আবাহনীর স্বপ্নে ধাক্কা দেওয়ার সুখস্মৃতিও থাকবে। তাই সোমবার নির্ভার ব্রাদার্সের বিপক্ষে আবাহনী লড়াইয়ে নামছে খানিকটা চাপ সঙ্গে নিয়েই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- তাড়াহুড়ো নয়। শিরোপার দুয়ারে দাঁড়িয়ে সব রাস্তা খোলা দেখেও আবাহনী সতর্ক। কারণ শিরোপা-স্বপ্ন হারানো ব্রাদার্স ইউনিয়নের নতুন করে হারানোর কিছু নেই, জিতলে বরং প্রাপ্তির সঙ্গে আবাহনীর স্বপ্নে ধাক্কা দেওয়ার সুখস্মৃতিও থাকবে। তাই সোমবার নির্ভার ব্রাদার্সের বিপক্ষে আবাহনী লড়াইয়ে নামছে খানিকটা চাপ সঙ্গে নিয়েই। আবাহনী চাপে থাকবে এটা যেমন সত্য তেমনি এই ম্যাচে তাদের সামনে সব রাস্তাও খোলা। শিরোপার জন্য ৩ ম্যাচ থেকে তাদের দরকার মাত্র ৪ পয়েন্ট। ব্রাদার্সের সঙ্গে ম্যাচ গেলেও তাদের আরো দুই ম্যাচ হাতে থাকে। তাই এই ম্যাচে জয় তো বটেই, ড্র হলেও তেমন ক্ষতি নেই। এমনকি হারলেও সম্ভাবনা বেঁচে থাকে। তখন শেখ রাসেল ও রহমতগঞ্জের ম্যাচ থেকে খোঁজ করতে হবে ৪ পয়েন্ট। এই হিসাব দেখলে ব্রাদার্সের সঙ্গে ম্যাচ নিয়ে ১৭ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনীর সেরকম টেনশন না থাকাটাই স্বাভাবিক। বাস্তবে কিন্তু আছে। কারণ প্রথম লেগে এই ব্রাদার্সের কাছে তারা হেরেছিল ২-০ গোলে। তাই এবারো জিততে গিয়ে হারার ভয় তো তারা পাবেই। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও জেতার কথা স্পষ্ট করে না বলে একটু ঘুরিয়ে বলেছেন, "আমরা শেখ রাসেল ও মোহামেডানের সঙ্গে দূরত্বটা বজায় রাখতে চাই। তাই এই ম্যাচে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।" ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে থাকা শেখ রাসেল ও মোহামেডানের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আবাহনী। এই ব্যবধান ধরে রাখার পথ একটাই--- ব্রাদার্সের বিপক্ষে জয়। সতর্কতা হচ্ছে, জয় না পেলেও কোনোভাবে হারা চলবে না। আর সেজন্যই আবাহনী ম্যানেজার অতীত হারের কথা মনে করিয়ে দিয়ে খেলোয়াড়দের মধ্যে প্রতিশোধস্পৃহা তৈরি করছেন নতুন করে, "ব্রাদার্স আগে আমাদের হারিয়েছে। আশা করি সেই হার ফিরিয়ে জন্য তৈরি হচ্ছে খেলোয়াড়রা।" আরিফ খান জয়ের একটু চোট ছাড়া বাকি সবাই তৈরি। নেই হলদু কার্ডের সমস্যাও। আবাহনী সতর্ক হলেও ব্রাদার্সের অবস্থা তেমন ভাল নয়। গত চার ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি, ড্র করেছে দূর্বল আরামবাগ ও মুক্তিযোদ্ধার সঙ্গেও। তারই পরিণতি ১৬ ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ২৮ পয়েন্ট। যেখান থেকে আর শিরোপা দেখা যায় না, তা স্বীকার করে ব্রাদার্স ম্যানেজার আমের খান বলেছেন নতুন টার্গেটের কথা, "এটা সত্য, আমাদের আর শিরোপার সম্ভাবনা নেই। তবে আমরা এখনো রানার্স আপ হওয়ার আশা ছাড়িনি।" সেই আশার পালে আপাতত হাওয়া দিচ্ছেন মতিউর মুন্না। গত ম্যাচ মিস করা এই মিডফিল্ডার খেলবেন আবাহনীর বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.