লন্ডন, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও টটেনহাম হটস্পার। ম্যান সিটি ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। চেলসি ২-১ গোলে হারিয়েছে ফুলহামকে। টটেনহাম ২-০ গোলে জিতেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
ইতালীয় কোচ রবার্তো মানচিনি গত ২৬ ডিসেম্বর ম্যান সিটির দায়িত্ব নিয়েছিলেন। প্রথম ম্যাচে স্টোক সিটির বিপক্ষে শিষ্যরা নতুন গুরুকে এনে দিয়েছিলেন ২-০ গোলের জয়। সেই জয়ের ধারা শুধু বজায়ই রইল না, এবার জয় এলো আরো বেশি ব্যবধানে, ৩-০ গোলে। উলভসকে দাঁড়াতেই দেয়নি মানচিনির দল। দু'টি গোল করেছেন কালোর্স তেভেজ, অন্যটি করেছেন জাভিয়ার গারিদোর।
'অসাধারণ খেলেছে খেলোয়াড়রা,' ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মানচিনির গলায় তৃপ্তির ছোঁয়া, 'দ্'ুদিন আগে স্টোক সিটির বিপক্ষের ম্যাচটির মতোই খেলেছে ছেলেরা। আমি খুবই খুশি।'
মাত্র ৯দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল ফুলহাম। অক্টোবরেও ৩-১ গোলে হারিয়েছিল বিগফোরের আরেক সদস্য লিভারপুলকে। বার বার অঘটন ঘটিয়ে চলা প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ৯ নম্বর দলটি চেলসির মাঠেও ঝলক দেখিয়েছে। ব্লুজদের মাঠে গত ৩০ বছরে জয়ের কোন রেকর্ড নেয় ফুলহামের। কিন্তু শুরুতেই জলতান জেরা গোল করে এগিয়ে নেন নিজের দলকে। যতই সময় গড়িয়ে যাচ্ছিল, ততোই মনে হচ্ছিল ৩০ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে ফুলহাম। বল দখলের লড়াইয়েও চেলসির চেয়ে এগিয়ে ছিল তারা। কিন্তু ৭৩ থেকে ৭৫, এই দুই মিনিটের চেলসি-ঝড়ে হেরে গেলো তারা। দ্রগবা ও স্মোলিংয়ের আত্মঘাতী গোলে ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় ব্লুজরা। তবে দলের খেলায় খুব একটা হতাশ নন চেলসি কোচ কালোর্স আনচেলত্তি, 'ছেলেরা প্রথমার্ধে খুব একটা ভালো খেলেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে খেলেছে। তারা জয়ের জন্যই মাঠে নেমেছিল এবং জয় তুলে নিয়েছে।'
অন্য ম্যাচে লুকা মদরিক ও জারমেইন ডিফোর গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে অ্যাস্টন ভিলাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় আবারো চতুর্থ স্থানে চলে এসেছে টটেনহ্যাম হটস্পার। তারা ম্যাচ খেলেছে ২০টি। সমান ম্যাচে চেলসির সংগ্রহ ৪৫ পয়েন্ট। ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউ খেলেছে ১৯ ম্যাচ। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৩২৯ ঘ.
bdnews24