লন্ডন, ২৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ প্রিমিয়ার লিগের বিগফোরের দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল মাঠে নেমেছিল রোববার রাতে। দুই দলই দুর্দান্ত খেলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। ম্যান ইউ ৩ - ১ গোলে হারিয়েছে হাল সিটিকে। আর্সেনাল ৩-০ গোলে জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে।
ওয়েন রুনির দুরন্ত গতির কাছে এলোমেলো হয়ে গেছে হাল সিটি রক্ষণভাগ। ম্যান ইউয়ের তিনটি গোলেই তার কৃতিত্ব আছে। প্রথম গোল তারই করা। তখন ছিল ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্ন। কিন্তু দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটে ক্রেইগ ফাগানের পেনাল্টি গোল হাল সিটিকে ম্যাচে ফিরিয়ে আনে। ২৮ মিনিটে রুনির ক্রস ভুল করে নিজেদের জালে ঢুকিয়ে দেন অ্যান্ডি ডসন। খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে আবারও রুনির ক্রস এবং দিমিতার বারবেতভের তীব্র শট আশ্রয় নেয় হাল সিটির জালে। এই জয়ের ফলে ম্যান ইউয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ১৯ ম্যাচে ৪০, শীর্ষে থাকা চেলসির চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।
আর্সেনালের প্রতিপক্ষ ছিল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা। জয় পেলে ভিলা চলে যেতো তৃতীয় স্থানে, আর গানার্সরা এক ধাপ পিছিয়ে নেমে আসতো চতুর্থ স্থানে। কিন্তু তা হয় নি, ভিলাকে নিয়ে ছেলেখেলা করে ৩-০ গোলে জিতেছে আর্সেন ওয়েঙ্গারের দল। বদলি হিসেবে নেমে সেস্ক ফ্যাব্রেগাস দুই গোল করেন (৬৫ ও ৮১ মিনিট)। অতিরিক্ত সময়ে ভিলার কফিনে শেষ পেরেকটি ঠোকেন আবু দিবাই। ৩৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে, তবে চেলসি ও ম্যান ইউয়ের চেয়ে একটা ম্যাচ কম খেলেছে তারা। এর বেশ জমে উঠেছে প্রিমিয়ার লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১২৫০ ঘ.
bdnews24