লন্ডন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুঃসময় কাটছেই না চেলসির। আবারও ড্র করেছে তারা, প্রতিপক্ষ ছিল বার্মিংহাম সিটি। অপরদিকে শনিবার রাতটাতে ঠিকই নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। তার দল ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। লিভারপুল একই ব্যবধানে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সকে।
বার্মিংহামের বিপক্ষে জয় আসলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যেতে পারতো ব্লুজরা। কিন্তু আরাধ্য জয় তাদের ধরা-ছোঁয়ার বাইরেই রয়ে গেলো। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা চেলসি পেলো না কোন গোল, তাই গোলশূন্য শেষ হলো ম্যাচ। এই ম্যাচসহ সব ধরনের প্রতিযোগীতামূলক টুনার্মেন্টে খেলা শেষ ৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে কালোর্স আনচেলত্তির দল। ম্যাচ শেষ করেই আফ্রিকান কাপে খেলার জন্য উড়াল দিয়েছেন দিদিয়ার দ্রগবা। আরেক স্ট্রাইকার ড্যানিয়াল স্টুরিজও ফর্মে নেই। মাঝখানে বার্মিংহামের বিপক্ষে ৮৮ মিনিটে লালকার্ড দেখে চেলসিকে আরও বিপদে ফেলেছেন ফ্লোরেন্ট মালুদা। সামনের ম্যাচগুলোতে চেলসি কেমন করে এখন সেটাই দেখার বিষয়।
মার্ক হিউজকে সরিয়ে ম্যানচেস্টার সিটির কোচ করা হয়েছে রবার্তো মানচিনিকে। অভিষেক ম্যাচেই সফল এই ইতালিয়ান। প্রথমার্ধে মার্টিন পেত্রোভ ও কালোর্স তেভেজের গোলে স্টোক সিটিকে ২-০ হারিয়েছে ম্যান ইউয়ের নগর প্রতিদ্বন্দ্বীরা।
আর লিগের ১৯তম ম্যাচে নবম জয় পেয়েছে লিভারপুল। নিজেদের মাঠে লিভারপুল নেমেছিল উলভারহ্যাম্পটনের বিপক্ষে। অধিনায়ক স্টিফেন জেরার্ড ও মিডফিল্ডার ইউসি বেনাউনের গোলে সহজ জয় পেয়েছে অলরেডরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২০০ ঘ.
bdnews24