রোম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ২০১০ ফুটবল বিশ্বকাপ জিতবে কারা? বাছাইপর্বেই শুরু, তবে এ আলোচনা বেশ জমে উঠেছে দলগুলোর গ্রুপ চূড়ান্ত হওয়ার পরে। এ নিয়ে সবচেয়ে তাজা মন্তব্যটি ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)-র সভাপতি, ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার মিশেল প্লাতিনির। তার মতে, আগামী বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল। ট্রফি জয়ের সম্ভাবনায় ফিফা র্যাঙ্কিংয়ের বিশ্বসেরা স্পেন এবং আরো দুই পরাশক্তি ইংল্যান্ড ও হল্যান্ডের নাম এসেছে পরে। লিওনেল মেসির আর্জেন্টিনাকে সম্ভাব্য বিশ্বকাপজয়ীর তালিকায় রাখেনইনি! আর্জেন্টিনাভক্তদের অবশ্য তাতে হতাশ হওয়া বা দুঃখ পাওয়ার কিছু নেই। কারণ, খোদ হুয়ান সেবাস্টিয়ান ভেরন বলেই দিয়েছেন,'আর্জেন্টিনা বিশ্বকাপ ফেবারিট নয়।' আর্জেন্টিনার খেলোয়াড় ভেরনই যেখানে নিজের দেশকে বাতিল ভাবছেন সেখানে প্লাতিনির মন্তব্যে হতাশ বা ক্ষুব্ধ হয়ে কী লাভ?
ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের পেছনে পড়ে থাকলেও ব্রাজিলকে ফেবারিট ভাবার পক্ষে খুব গ্রহনযোগ্য যুক্তিই দেখিয়েছেন প্লাতিনি, 'ব্রাজিল খুব ভালো দল। ওদের বেশ কয়েকজন বড় মাপের খেলোয়াড় আছে। তাছাড়া প্রতিযোগিতায় অতীত সাফল্যের ঐতিহ্যটাও বিশাল ওদের, যা কিনা বড় আসরে খুবই গুরুত্বপূর্ণ।'
ইতালির লা ইকুইপা পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে স্পেনকে নিয়ে বেশি আশাবাদী হতে না পারার কারণও জানিয়েছেন উয়েফা সভাপতি। তার বিবেচনায় বড় আসরে ব্যর্থতার দীর্ঘ ইতিহাসই পিছিয়ে রাখছে স্পেনকে। এভাবে ফার্নান্দো তরেস, ডেভিড ভিয়াদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা একরকম খারিজ করে দিলেও দলটি যে ব্রাজিলের জন্যেও বড় হুমকি হয়ে উঠতে পারে সে কথাও স্বীকার করেছেন প্লাতিনি, বলেছেন, 'ফাইনালের আগে মুখোমুখি হলে স্পেন কিন্তু সেলেকাওদেরও (ব্রাজিল) সমস্যায় ফেলে দিতে পারে।'
ফ্রান্সকে ১৯৮৪-র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো প্লাতিনি সম্ভাব্য বিশ্বকাপজয়ীদের তালিকায় ইংল্যান্ড, ইতালি, হল্যান্ড এমনকি নিজেদের মহাদেশে খেলা হবে বলে আফ্রিকার দেশগুলোকেও রেখেছেন, কিন্তু নিজের দেশ ফ্রান্স, দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির নাম মুখেই আনেননি।
বড় আসরে অনেক সময় প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া জার্মানিকে কেন মিশেল প্লাতিনি বিবেচনাতেই নিলেন না -- এ প্রশ্ন তুলতে পারেন অনেকেই। ফ্রান্স বা আর্জেন্টিনার পক্ষে বোধহয় জোর আওয়াজ তোলার মানুষ এ মুহূর্তে খুব বেশি পাওয়া যাবেনা। দুটি দেশই বিশ্বকাপ মূলপর্বে জায়গা পেয়েছে অতিকষ্টে। ফ্রান্সতো আয়ারল্যান্ডকে ছিটকে বাছাইপর্ব পেরিয়েছে থিয়েরি অঁরির হাতের অবৈধ ব্যবহারের সুবিধা নিয়ে।
তারপরও অঁরির সৌভাগ্য তার কোনো সতীর্থ অন্তত বিশ্বকাপে দলের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে এখনো মুখ খোলেননি। রেডিও লা রেড-এর সঙ্গে কথা বলতে গিয়ে সেই কাজটি করেছেন ভেরন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে নিজের দেশকে নিয়ে যে বড় কোনো স্বপ্ন দেখতে পারছেন না তা সরাসরিই জানিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার, 'সম্ভাব্য বিজয়ী হিসেবে এ মুহুর্তে যাদের দেখতে পাচ্ছি সেখানে আমরা নেই।'
১৯৭৮-এর পর আর্জেন্টিনা দ্বিতীয় ও শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল ২৩ বছর আগে, ১৯৮৬ সালে। জয়ের নায়ক ছিলেন বর্তমান কোচ ডিয়েগো ম্যারাডোনা। এবার কোচ হয়েও কি পারবেন দেশকে প্রায় অসম্ভব অথচ বহু প্রতীক্ষিত, অতি কাঙ্খিত সাফল্যটি এনে দিতে? ভেরন মনে করেন সেই লক্ষ্য অর্জন করতে হলে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে আর্জেন্টিনাকে, 'সবার আগে সেরা দল বেছে নিতে হবে আমাদের। তারপর একসঙ্গে কাজ করে যেতে হবে। দলের সমন্বয়টা তাহলেই ভালো হবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩২৫ ঘ.
bdnews24