ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বাংলাদেশ লিগে জয় অব্যাহত রয়েছে ঢাকা মোহামেডানের। শুক্রবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে এ আসরের টানা ৫ম জয় পেয়েছে তারা। শিরোপা প্রত্যাশীরা প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হলেও এ ম্যাচ জিতেছে ৩ -০ গোলে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচে ঢাকা মোহামেডান শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রাম আবাহনীকে। প্রথমার্ধে দুটো গোলও আদায় করে নেয় একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে গড়া ঢাকার দলটি। ১০ মিনিটে সৈকত আর তার ১০ মিনিট পর নাইজেরিয়ার বুকোলার গোল -- অতিথি দলটির পরাজয় নিশ্চিত হয়ে যায় তখনি।
তবে ২-০ গোলে এগিয়ে যাবার একটু পরে, খেলার ২৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় এমেকাকে। তাতে বিপদের আশঙ্কা জাগলেও মোহামেডান সে আশঙ্কা দূরে ঠেলেছে সহজেই। শুধু তাই নয়, ৫১ মিনিটে এমিলিও গোল করায় ব্যবধান আরো বাড়িয়েই মাঠ ছাড়ে তারা।
এবারের লিগে এরইমাঝে জমে উঠেছে ঢাকা আবাহনী-মোহামেডান লড়াই। ৫ ম্যাচে দুদলেরই পয়েন্ট এখন ১৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২০৪৫ ঘ.
bdnews24