ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগে জিতেই চলেছে ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
খেলার সপ্তম মিনিটেই এনামুলের গোলে এগিয়ে যায় আবাহনী। বিরতি পর্যন্ত আর গোল হয়নি। তেমন সুযোগও তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। উল্টো আরামবাগের আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হয় তাদের। ২৫ মিনিটে জুবায়েরের ক্রসে নিকোডিমাস হেড নিলে বল বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৩১ মিনিটে আরো একবার সুযোগ হারায় আরামবাগ। দূরপাল্লার শটে বল গন্তব্যে পাঠাতে ব্যর্থ হন মিডফিল্ডার কবির। বিরতির ঠিক আগের মিনিটে বক্সের ভেতর থেকেও ভুল নিশানায় বল পাঠান রাশেদ।
বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবাহনী। ৫৪ মিনিটে সুজনের গোলে ব্যবধানও বাড়িয়ে নেয়। পরের মিনিটেই লক্ষ্য ভেদ করে দলকে ৩-০ তে এগিয়ে নেন ইব্রাহিম আইডু। আরামবাগের কফিনে শেষ পেরেকটি ঠোকেন এনামুল ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে।
টানা পাঁচ ম্যাচ জিতে পুরো ১৫ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী। অন্যদিকে পাঁচ ম্যাচে এ পর্যন্ত এক জয় ও দুই ড্র মিলিয়ে পাঁচ পয়েন্ট পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
শুক্রবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামেই ঢাকা মোহামেডান হোম ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৪৭ ঘ.
bdnews24