ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অটো মিউজিয়াম বিজয় দিবস হকি প্রতিযোগিতায় মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) একাদশ ৪-২ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়েছে। এ নিয়ে টানা তিন ম্যাচেই জয় পেল বাহফে।
ম্যাচের প্রথম মিনিটেই মানিকের ফিল্ড গোলে বাহফে এগিয়ে যায়। কিন্ত ৬ মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান বিমান বাহিনীর শহিদুল ইসলাম। তবে ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়নের গোলে আবারো এগিয়ে যায় বাহফে।
দ্বিতীয়ার্ধে জিমির ফিল্ড গোলে বাহফে ৩-১ এ এগিয়ে যায়। কিন্তু দুই মিনিট পরই পাল্টা ফিল্ড গোল করে ব্যবধান কমান বিমান বাহিনীর হোসনে মোবারক। ৫৯ মিনিটে ফিল্ড গোল করে বিমান বাহিনীর কফিনে শেষ পেরেক ঠোকেন বাহফের নান্নু।
এ নিয়ে টানা তিন ম্যাচেই হারলো বাংলাদেশ বিমান বাহিনী। অপরদিকে তিন ম্যাচেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বাহফে একাদশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৪ ঘ.
bdnews24