ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল টুর্নামেন্টের কারণে বড় একটা বিরতির পর আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে বাংলাদেশ লিগ মাঠে গড়িয়েছিলো ১৯ ডিসেম্বর। কিন্তু হঠাৎ করেই ভেন্যু জটিলতায় থমকে যায় লিগ। এসএ গেমসের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দেয়ায় সেখানকার ম্যাচগুলো কোথায় হবে, তা নিয়ে সমস্যার কারণে হঠাৎ করেই লিগের ম্যাচ স্থগিত করে বাফুফে। তবে শেষ পর্যন্ত মাঠ সমস্যার সমাধান হওয়ায় মঙ্গলবার থেকে আবারো মাঠে গড়াচ্ছে লিগ। খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
উদ্ভুত সমস্যা সমাধানে সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত টুনামেন্ট সংশ্লিস্ট সবাইকে নিয়ে বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগে অংশ নেয়া ১৩টি দলের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। কিছু সমস্যা সত্ত্বেও ফুটবলের বৃহত্তর স্বার্থে সবাই কমলাপুর স্টেডিয়ামে খেলতে রাজি হয়েছেন বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী। কমলাপুর ছাড়াও বিকল্প ভেন্যু হিসেবে বেছে নেয়া হয় বনানীর আর্মি স্টেডিয়াম।
তবে কমলাপুর স্টেডিয়ামে হবে শুধু ঢাকার ম্যাচগুলো। ঢাকার বাইরের ম্যাচগুলো হবে বিভিন্ন জেলা স্টেডিয়ামে।
এদিকে ম্যাচের সময়েও পরিবর্তন এনেছে বাফুফে। কমলাপুর স্টেডিয়ামের ফ্ল্যাড লাইট খেলা চালানোর উপযোগী না হওয়ায় সন্ধ্যা ছ'টার পরিবর্তে বিকেল ৩টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। তবে ঢাকার বাইরের ম্যাচ হবে আগের মতোই বিকেল সাড়ে তিনটায়।
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচ দিয়ে কমলাপুর স্টেডিয়ামে খেলা গড়াবে মঙ্গলবার। সোমবারের রহমতগঞ্জ এমএফএস ও ব্রাদার্স ইউনিয়নের স্থগিত ম্যাচটি হবে পরদিন বুধবার।
এসএ গেমসের জন্য ১৭ জানূয়ারি ৯ম রাউন্ড পর্যন্ত খেলা হবে বাংলাদেশ লিগের। এরপর ফের বিরতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩৮ ঘ.
bdnews24