ঢাকা, ডিসেম্বর ২১(বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম) - অটো মিউজিয়াম বিজয় দিবস হকির সোমবারের ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ড্র করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলে।
ম্যাচের সব গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেনাবাহিনীর পক্ষে প্রথম গোলটি করেন জামাল। ৫মিনিট পর ব্যবধান বাড়ায় অধিনায়ক সিরাজুল ইসলামের ফিল্ড গোল।কিন্তু দু গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে বিকেএসপি। ৫৮ মিনিটে অধিনায়ক হাসান জুবায়ের ও ৬৫ মিনিটে অজিত কুমার ঘোষের ফিল্ড গোলে সমতা ফেরায় তারা।
আগের ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে হেরেছিল সেনাবাহিনী। অন্যদিকে বিকেএসপি হেরেছিল বাংলাদেশ হকি ফেডারেশনের কাছে। তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হার নিয়ে দু দলেরই সংগ্রহে এখন ৪টি করে পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২১২৬ ঘ.
bdnews24