ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দল নির্বাচকদের তোপের মুখে ভুল স্বীকার করেছেন হকি কোচ গেরহার্ড পিটার রাক। জাতীয় দল নিয়ে অতিমাত্রায় পরীক্ষা-নিরীক্ষার কারণ জানতে চাইলে কোচ যথার্থ উত্তর দিতে পারেননি বলে জানান নির্বাচকরা।
১৬ ডিসেম্বর জাতীয় দলের ১৯ খেলোয়াড় একযোগে পদত্যাগ করেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে শুক্রবার জার্মান কোচ গেরহার্ড পিটারের সঙ্গে আলোচনায় বসেন নির্বাচক কমিটির আহবায়ক মামুনুর রহমান ও অন্য দুই নির্বাচক হোসেন ইমাম চৌধুরী শান্টা এবং কাজী আবু জাফর তপন। আলোচনার এক পর্যায়ে অনেক বিষয়েই কোচকে সতর্ক করে দেন তারা।
হকি ফেডারেশনকে না জানিয়ে শুক্রবার হঠাৎই আশিকুর রহমানকে জাতীয় দলের ক্যাম্পে নিয়ে আসেন পিটার। বিএইচএফ একাদশের পক্ষে মাঠেও নামান তাকে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর সিনিয়র খেলোয়াড়দের অভাব পূরণ করতে আশিককে ক্যাম্পে ডাকা হয়েছে বলে নির্বাচকদের জানান এই জার্মান কোচ। তিনি বলেন, "কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার। তরুণদের নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজের ইচ্ছে মতো যাকে খুশি তাকে বাদ দিচ্ছেন এবং দলে নিচ্ছেন কোচ। আমাদের মাধ্যমে খেলোয়াড় পছন্দ করলে সমস্যায় পড়তে হতো না।"
এশিয়া কাপের পর থেকে জাতীয় দলের কোন কার্যক্রম নিয়েই নির্বাচকদের সঙ্গে আলোচনা করেননি জার্মান কোচ। জুনে রাশিয়ায় চার জাতি হকি টুর্নামেন্টের জন্য নিজেই দল বাছাই করেন পিটার। এরপর জার্মান লিগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের অংশ গ্রহণ নিয়েও নির্বাচকদের কোন কিছুই জানাননি। সর্বশেষ বিএইচএফ একাদশ গড়তেও নির্বাচকদের মতামত নেননি। এ নিয়ে তিন নির্বাচক খুবই অসন্তুষ্ট।
কোচ পিটার এ জন্য নির্বাচকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। বলেন, "আমি আসলে খন্দকার জামিলের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নিয়েছি। তিনি নির্বাচকদের সঙ্গে আলোচনা করতে আমাকে বলেনি। তবে এখন থেকে নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।"
নির্বাচকদের পাশ কাটিয়ে কোচকে দল গড়ার অনুমতি দেয়ার কথা অস্বীকার করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল। বলেন, "এর আগে নির্বাচকরাই দল গঠন করেছে। কোচের সঙ্গে তাদের নিয়মিতই যোগাযোগ হচ্ছে। আমি কোন সিদ্ধান্ত দেইনি। এমন কি, কোচ একা কোন সিদ্ধান্ত নিতে পারেন না।"
নির্বাচকদের ছাড়া বিএইচএফ একাদশ নির্বাচন প্রসঙ্গে জামিল বলেন, "এটা নিজেদের মধ্যে খেলা। নির্বাচকদের জানাতে হবে কেন? আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট হলে বলতাম ঠিক হয়নি।"
শুধু কোচের কার্যক্রমই নয়, বিজয় দিবস হকি টুর্নামেন্টে বিএইচএফ একাদশের খেলোয়াড়দের পারফরমেন্স দেখে হতাশ হয়েছেন নির্বাচকরা। বিকেএসপি দলের বিপক্ষে অনেক কষ্টে জিতেছে বিএইচএফ একাদশ নামে জাতীয় দল।
নির্বাচক কমিটির আহবায়ক মামুনুর রহমান বলেন, "ছয় মাস ধরে ক্যাম্প করছে বাংলাদেশ দল। জার্মানিতে লিগ খেলাসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ইউরোপে প্রদর্শনী ম্যাচ খেলার পরও তারা এতটা খারাপ খেলবে ভাবা যায় না। দলের মধ্যে কোন সমন্বয় নেই। চূড়ান্ত দল বাছাই করবো কি করে?"
কোচ অবশ্য তার দলের খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি। শিগগিরই ১৮ জন খেলোয়াড় বাছাই করা হবে বলে জানান তিনি। দল বাছাই করা হলেও একই কোচের অধীনে টানা অনুশীলনের সুযোগ পাচ্ছে না হকি দল। বড়দিনের ছুটি কাটাতে দেশে যাবেন কোচ। তার জায়গায় আসবেন অন্য একজন। কিন্তু প্রশিক্ষণে না থেকেও এসএ গেমসের একাদশ সাজাবেন পিটারই।
কোচের এভাবে চলে যাওয়া নিয়ে খন্দকার জামিল বলেন, "আমরা তাকে বেতন দিতে পারি না। টানা প্রশিক্ষণ দেয়ার জন্য তাই চাপও দিতে পরি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর ঘ.
bdnews24