২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি খেলোয়াড়দের পদত্যাগ, দাবি জার্মান কোচের অপসারণ

জাতীয় হকি দলের ১৯ জন খেলোয়াড় একযোগে পদত্যাগ করেছেন। বুধবার হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসএ গেমস ক্যাম্পের ২৪ জনের মধ্যে জার্মানি ফেরত ১৯ খেলোয়াড়ের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 06:26 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) জাতীয় হকি দলের ১৯ জন খেলোয়াড় একযোগে পদত্যাগ করেছেন। বুধবার হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসএ গেমস ক্যাম্পের ২৪ জনের মধ্যে জার্মানি ফেরত ১৯ খেলোয়াড়ের পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। খেলোয়াড়দের দাবি, কোচ গেরহার্ড পিটার তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন, এ কারণেই পদত্যাগের এই সিদ্ধান্ত। খেলোয়াড়রা জানান, এসএ গেমসের প্রস্তুতি নিতে জাতীয় দলের যেসব খেলোয়াড় জার্মানি গিয়েছিলেন সেখানে তাদের কোনো সহযোগিতা করেননি জার্মান কোচ গেরহার্ড পিটার রাক। এমনকি ইতালি, জার্মানি ও নেদারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে খেলার সময় তিনি হকি খেলোয়াড়দের সঙ্গে ঠিকমতো যোগাযোগও রাখেননি। পরিণামে সেখানে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়েছে বলেও জানান ক্ষুব্ধ খেলোয়াড়রা। তারা সবচেয়ে বেশি ক্ষুদ্ধ বিজয় দিবস হকি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) একাদশ থেকে গুরুত্বপূর্ণ ছয় খেলোয়াড় আসাদুজ্জামান চন্দন, জাহিদ বিন তালিব শুভ, মোশারফ হোসেন কুটি, রিমন কুমার ঘোষ, জাহিদুল ইসলাম রাজন ও খন্দকার হাসানকে বাদ দেয়ায়। এদের মধ্যে প্রথম চারজন বুধবার বাংলাদেশ পুলিশের হয়ে খেলেছেন। চন্দন বলেন, 'কয়েক দিন আগেও আমাকে 'এ' গ্রেডের খেলোয়াড়ের স্বীকৃতি দিয়েছেন কোচ। এখন আমাকে জাতীয় দল (বিএইচএফ) থেকেই বাদ দিয়ে দিলেন। বাকিরাও সবাই একাদশের খেলোয়াড়। আমাদের কি ১৬ জনে থাকার যোগ্যতা নেই?' উল্লেখ্য, জার্মানি থেকে ফেরা জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই গড়া হয়েছে বিএইচএফ একাদশ। তাই যোগ্যতা থাকার পরও এ দলে সুযোগ না পাওয়াকে অবিচার মনে করছেন হকি খেলোয়াড়রা। বাদ পড়া আরেক খেলোয়াড় মোশারফ হোসেন কুটি বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেছেন এভাবে,'আমি জার্মান লিগে নিয়মিত খেলেছি। অথচ বেটে বলে এখন কোচ আমাকে জাতীয় দল (বিএইচএফ) থেকেই বাদ দিয়ে দিলেন!' এ ব্যাপারে দু রকমের ভাষ্য পাওয়া গেছে কোচের কাছ থেকে। খেলোয়াড়রা পদত্যাগের আগে তিনি বলেন, 'যাদেরকে বাদ দেয়া হয়েছে তাদের কারোই বিশ্বমানের হকি খেলোয়াড় হওয়ার সম্ভাবনা নেই।' এমন কি অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকেও জাতীয় দল থেকে বাদ দেয়ার পক্ষে তিনি। কোচ দৃঢ়ভাবে বিশ্বাস করেন জিমির আর কোনো উন্নতি হবে না। আগে এমন বললেও খেলোয়াড়দের এক যোগে পদত্যাগের কথা শুনে বিস্ময় প্রকাশ করেন গেরহার্ড পিটার।তখন তার বক্তব্য,'আমি ছয় জনকে বাদ দেইনি, বিশ্রাম দিয়েছি। বিজয় দিবস টুর্নামেন্টে তরুণদের পরীক্ষা করে দেখছি।' খেলোয়াড়রা যখন লিখিত পদত্যাগপত্র ফেডারেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম সাখাওয়াত হোসেনের কাছে জমা দেন, তখন হতাশ হয়ে কোচ বলেন,'তিন চার জন সিনিয়র খেলোয়াড়ের ভয়ে অন্যরা পদত্যাগ করেছে। এটা মেনে নেয়া যায় না।' জার্মানিতে খেলোয়াড়দের দুর্ভোগের কথাও অস্বীকার করেন পিটার। মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়ে খেলোয়াড়রা তার বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের মুখে শেষ পর্যন্ত বলতে বাধ্য হন ইউরোপে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি তার। ফোনে যোগাযোগ রেখেছিলেন। তারপরও কোচের দাবি, ইউরোপে থাকা-খাওয়া এবং যাতায়াতের জন্য আনুষঙ্গিক সব সুযোগ সুবিধাই খেলোয়াড়রা পেয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য নিজের গাঁটের পয়সাও খরচ করতে হয়েছে তাকে। তার এই দাবিকে হাস্যকর বলেই উড়িয়ে দিয়েছেন জিমি। তিনি বলেন,'ফোন করেই যদি হয় তাহলে কোচ রাখর দরকার কি? ভালো কিছু শেখার জন্য আমরা কোচকে পাশে দেখতে চেয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জার্মানিতে গিয়ে আমরা একদিনও এক সঙ্গে অনুশীলন করিনি। উল্টো মানবেতর জীবন যাপন করেছি।' খেলোয়াড়রা জানান, ব্যাপারটি তারা হকি ফেডারেশনকে জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এসএ গেমসের আগে এভাবে জাতীয় দলের খেলোয়াড়দের পদত্যাগে ফেডারেশন বিপাকে পড়বে কি না এমন প্রশ্নের উত্তরে যুগ্ম সম্পাদক আনভির আহমেদ আদেল বলেন,'কারো জন্য কিছু থেমে থাকে না। তারা না থাকলে অন্যরা খেলবে।' এদিকে পদত্যাগী খেলোয়াড়রা বলছেন, জার্মান কোচকে সরিয়ে দিলেই তারা জাতীয় দলের ক্যাম্পে ফিরবেন। আনভির আহমেদ আদেল জানান, নির্বাহী কমিটির জরুরী সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। হকির এমন দুুঃসময়ে খুঁজে পাওয়া যায়নি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিনকে। তার সেলফোনটিও বন্ধ পাওয়া গেছে। হকি খেলোয়াড়দের সঙ্গেও যোগাযোগ করেননি ফেডারেশনের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/এসি/০০১৮ ঘ.