ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল হেরেছে এ নিয়ে কোনো দুঃখ নেই মালদ্বীপ কোচ আরবানিয়ান ইস্তভান বেলার। উল্টো খেলোয়াড়দের প্রসংশাই করলেন এই হাঙ্গেরিয়ান। তার দৃষ্টিতে ফাইনালে দু দলের পারফর্ম্যান্সই ছিল প্রশংসনীয়। টাইব্রেকারে পরাজয়কে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন ইস্তভান বলেন,"পুরো টুর্নামেন্টেই আমার ছেলেরা ভালো খেলেছে। চার ম্যাচে ১১ গোল তারই প্রমাণ। ফাইনালেও আমরা অনেক গোলের সুযোগ পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত গোল আসেনি। অনেক সময় ভাগ্য সহায় হয় না। আজ (রোববার) আমাদের বেলায় তা-ই হয়েছে।"
অন্যদিকে জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দেরই দিলেন চ্যাম্পিয়ন ভারতের কোচ সুখবিন্দর সিং। তার দৃষ্টিতে সেরা খেলাটাই উপহার দিয়েছে ভারতের তরুণ খেলোয়াড়রা। তাই খেলোয়াড়দের অভিনন্দনও জানিয়েছেন সুখবিন্দর,"বিজয় সব সময়ই আনন্দের। ছেলেদের আমি অভিনন্দন জানাই।"
দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক খেলার কারণ জানাতে গিয়ে সুখবিন্দর তুলে ধরেন খেলোয়াড়দের চোটসমস্যাকে,"তিন জন খেলোয়াড় চোট পেয়েছে। দু জন মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলেছে আর জুয়েল রাজকে তো হাসপাতালেই যেতে হয়েছে। এ কারণেই দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে হয় আমাদের।"
ওদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েও আত্মতুষ্টিতে ভুগছেন না গোলরক্ষক অরিন্দম ভট্টচার্য্য। সংবাদ সম্মেলনে বাঙ্গালী অরিন্দম জানালেন তার লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ সেরা হওয়া নয়, দেশসেরা হওয়া,"ভারতে অনেক ভালো ভালো গোলরক্ষক আছে, তাদের সবাইকে ছাড়িয়ে যেতে হবে আমাকে। এই একটি মাত্র টুর্নামেন্টই শেষ নয়। আমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০৫৭ ঘ.
bdnews24