ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে ভারতের জয়ের নায়ক অরিন্দম ভট্টাচার্য্য শেষমেষ পুরো আসরেরও নায়ক। ভারতীয় গোলরক্ষকই পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। টুর্নামেন্টের সেরা হয়েও অবশ্য একেবারেই আত্মতুষ্টিতে ভুগছেন না অরিন্দম। সংবাদ সম্মেলনে বাঙ্গালী গোলরক্ষক জানালেন তার লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ সেরা হওয়া নয়, দেশসেরা হওয়া,"ভারতে অনেক ভালো ভালো গোলরক্ষক আছে, তাদের সবাইকে ছাড়িয়ে যেতে হবে আমাকে। এই একটি মাত্র টুর্নামেন্টই শেষ নয়। আমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে।"
এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিন জন, মালদ্বীপের অধিনায়ক আশফাক আলী, শ্রীলঙ্কার ইবি চান্না এবং বাংলাদেশের এনামুল হক। প্রত্যেকেই করেছেন চারটি করে গোল। স্বাগতিক বাংলাদেশও পুরস্কার পেয়েছে, আমিনুল হকের দলকে দেয়া হয়েছে ফেয়ার প্লে ট্রফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০১০২ ঘ.
bdnews24