মাদ্রিদ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এস্পানলকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদও ৩-২ গোলে জিতেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
শনিবার ম্যাচের ৮৩ মিনিটে জাভি আলোনসোর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে মাদ্রিদের পক্ষে জয়সূচক গোলটি করেন গ্যারে। যদিও এর মিনিট তিনেক আগেই জোয়াকিম সানচেজ গোল করে দ্বিতীয় বারের মতো সমতায় ফিরিয়েছিলেন ভ্যালেন্সিয়াকে।
গঞ্জালো হিগুইয়ানের জোড়া গোলে মাঠে এদিন যথেষ্টই দাপট নিয়ে খেলছিল রিয়াল। যদিও ডেভিড ভিয়া সুযোগ পেয়ে ঠিকই আর্জেন্টাইন হিগুইয়ানের ৫৪ মিনিটে করা সূচনা গোলটি শোধ করে দেন ৬০ মিনিটের মাথায়।
যা হোক, ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তাদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকা বার্সা এদিন জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে এস্পানলকে হারায়।
শনিবার স্প্যানিশ লিগের অন্য ম্যাচে আথলেটিকো বিলবাও ২-১ গোলে রিয়াল জারাগোজাকে হারায়।
২৮ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া তিন নম্বরে, ২৭ পয়েন্ট নিয়ে সেভিয়া চার নম্বরে আছে। পাঁচ নম্বরে থাকা দেপোর্তিভো লা করুনার পয়েন্ট ২৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০০৮ ঘ.
bdnews24