ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পরাজয়ের কারণ অনুসন্ধান করতে শুক্রবার রাতেই কোচ শহিদুর রহমান শান্টু উঠে পড়ে লেগেছিলেন। কিন্তু খেলোয়াড়দের কাছ থেকে সরাসরি কোনো জবাব পাননি।
হোটেল সোনরগাঁও-এর লবিতে শনিবার সকালে উদাস মনে বসেছিলেন শান্টু। সাংবাদিকদের একটি দল কাছে যেতেই মুখ তুলে তাকালেন। ভারতের বিপক্ষে এত জঘণ্য খেলার কারণ হিসেবে খেলোয়াড়রা কি বলছেন এমন প্রশ্নের উত্তরে বললেন,"কিছুই বলেনি।"
শেষে নিজেই একটি ব্যাখ্যা দাঁড় করালেন,"আমার মনে হয় ওরা এত দর্শক দেখে ভয় পেয়েছে। জিততেই হবে এমন চাপও তাদের মধ্যে কাজ করে থাকতে পারে। অথচ মাঠে নামার আগেও কিন্তু খোশ মেজাজে ছিল তারা।"
কোচ না বললেও সকালে হোটেল ছেড়ে বাড়ি ফেরার আগে অধিনায়ক আমিনুল হক কিন্তু সাংবাদিকদের সঠিক কারণ জানিয়েছেন, বলেছেন,"আমরা চেয়েছিলাম শুরু থেকে ভারতের ওপর চাপ তৈরি করে তাদের মনোবল ভেঙ্গে দিতে। যখন তা হয়নি, উল্টো ভারতের খেলোয়াড়রা আক্রমণ করেছে তখনই ভয় পেয়ে গেছে সবাই।"
ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স কাজী সালাউদ্দিনকেও হতাশ করেছে। বাফুফে সভাপতি হতাশা প্রকাশ করেছেন এভাবে,"ভালো খেলে হারলে এতটা খারাপ লাগতো না। কিন্তু এখন কী আর করার আছে, বাফুফে সভাপতি হিসেবে শুধু এইটুকু বলতে পারি, আরো অনেক চেষ্টা করতে হবে আমাদের। এক বছরে এর বেশি কিছু করা সম্ভব ছিল না আমার পক্ষে।"
বাংলাদেশের ফুটবলকে যে ঢেলে সাজাতে হবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আমিনুলের দলের পারফর্ম্যান্স দেখে তা আরো ভালো করে বুঝেছেন সালাউদ্দিন। তার দৃষ্টিতে, বর্তমান দলের অর্ধেক খেলোয়াড়েরই ভবিষ্যতে বাদ পড়া উচিত। তবে খেলোয়াড় স্বল্পতার কারণে এমন কঠোর সিদ্ধান্তের দিকে ফেব্র"য়ারির এএফসি চ্যালেঞ্জ কাপের আগে না-ও যেতে পারেন সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১১৫৮ ঘ.
bdnews24